E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নির্বাচনে ডেমোক্র্যাটরা জিতলে ‘মিস্টার ভেটো’ হওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

২০২৬ নভেম্বর ০৩ ১৫:৩০:১৩
নির্বাচনে ডেমোক্র্যাটরা জিতলে ‘মিস্টার ভেটো’ হওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে তাদের পাঠানো প্রতিটি বিলে ভেটো দেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকানরা কংগ্রেসের এক বা উভয় কক্ষের সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা হারালে তিনি নিজেকে ‘মিস্টার ভেটো’ হিসেবে প্রতিষ্ঠিত করবেন বলে মন্তব্য করেছেন।

সোমবার (২ নভেম্বর) নিউ ইয়র্ক পোস্টের সাংবাদিক মিরান্ডা ডিভাইনের পডকাস্ট ‘পড ফোর্স ওয়ান’- এ দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।

ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে কংগ্রেস চলে গেলে পরিস্থিতি কীভাবে সামাল দেবেন- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমার মনে হয়, তখন আমি মিস্টার ভেটো হয়ে যাব। আমি তাদের সবকিছু ধ্বংস করতে দেব না।”

তিনি আরো জানান, ডেমোক্র্যাটরা কংগ্রেস থেকে যেসব বিল পাঠাবে, সেগুলোকে তিনি ভেটো দেবেন। এভাবে এক-দুই মাস ধরে সব বিলে ভেটো দেওয়ার পর যখন তারা দেখবে সময় নষ্ট হচ্ছে, তখন বাধ্য হয়ে আলোচনার টেবিলে আসবে ও একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করবে। মার্কিন রাজনীতিতে এ ধরনের সমঝোতা নতুন কিছু নয় বলেও উল্লেখ করেন তিনি।

তবে কংগ্রেসে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা বজায় থাকবে বলেই আশা প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেন, “আমি আশা করি, আমরা নির্বাচনে ভালো করব। তবে যদি জিততে না পারি, তাহলে সবকিছুতেই ভেটো দেব। শুধু ভেটো আর ভেটো।”

নিজের দ্বিতীয় মেয়াদে ট্রাম্প এখন পর্যন্ত মাত্র দুবার ভেটো ক্ষমতা প্রয়োগ করেছেন, আর প্রথম মেয়াদি তিনি মোট ১০টি বিলে ভেটো দিয়েছিলেন। মার্কিন সংবিধান অনুযায়ী, কংগ্রেসে পাস হওয়া কোনো বিলে প্রেসিডেন্ট অসম্মতি জানিয়ে ভেটো দিতে পারেন। তবে প্রেসিডেন্টের ভেটো উপেক্ষা করে আইন কার্যকর করতে হলে প্রতিনিধি পরিষদ ও সিনেট- উভয় কক্ষের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন হয়।

সাক্ষাৎকারে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, “সুযোগ পেলে আমি আবারো নির্বাচনে লড়তে চাই। কিন্তু সংবিধানের ভাষা এ বিষয়ে খুবই স্পষ্ট।”

উল্লেখ্য, মার্কিন সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন না।

এদিকে আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবকটিতে ও সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে ভোটগ্রহণ চলবে। বর্তমানে প্রতিনিধি পরিষদে অল্প ব্যবধানে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখলেও, তা পুনরুদ্ধার করতে মরিয়ো ডেমোক্র্যাটদের প্রয়োজন মাত্র তিনটি আসন। নির্বাচনের ফলাফলের ওপরই নির্ভর করছে ট্রাম্প প্রশাসনের আগামী দিনের আইন প্রণয়ন ও রাজনৈতিক কার্যক্রমের গতিপ্রকৃতি।

তথ্যসূত্র : এনডিটিভি

(ওএস/এএস/নভেম্বর ০৩, ২০২৬)









পাঠকের মতামত:

০৩ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test