E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জীবদ্দশায় ৩ বার শয়তানকে দেখেছিলেন পোপ ফ্রান্সিস

২০২৬ নভেম্বর ২৫ ১৫:১৫:২৩
জীবদ্দশায় ৩ বার শয়তানকে দেখেছিলেন পোপ ফ্রান্সিস

আন্তর্জাতিক ডেস্ক : ক্যাথলিক খ্রিষ্টানদের সাবেক ধর্মগুরু পোপ ফ্রান্সিস তিনবার শয়তানকে দেখেছিলেন। মৃত্যুর আগে লেখা ডায়েরিতে তিনি এই বিষয়টি উল্লেখ করেছেন।

মঙ্গলবার বই আকারে প্রকাশিত তার ডায়েরির কিছু অংশ থেকে জানা যায়, পোপ ফ্রান্সিস তার ডায়েরিতে শয়তানের মুখোমুখি হওয়ার কথা লিখেছেন। তিনি জানিয়েছেন, যাজকদের যৌন নির্যাতনের কেলেঙ্কারি কতটা ভয়াবহ তা উপলব্ধি করার সময় তিনি যেন ‘নরকের দরজা’ দেখেছিলেন।

আর্জেন্টিনীয় বংশোদ্ভূত এই পোপের একান্ত চিন্তা, ভাবনা ও ভয়ের কথা উঠে এসেছে ‘দ্য প্রাইভেট ডায়েরি অফ পোপ ফ্রান্সিস’ বইটিতে। তার ঘনিষ্ঠ সহযোগী কার্ডিনাল ভিক্টর ম্যানুয়েল ফার্নান্দেজ এটি সম্পাদনা করেছেন এবং বইটি বিশ্বজুড়ে বিভিন্ন ভাষায় প্রকাশিত হচ্ছে।

এই অংশগুলো নেওয়া হয়েছে একটি কালো রঙের প্লাস্টিকের ডায়েরি থেকে, যা ফ্রান্সিস—যিনি আগে হোর্হে বের্গোলিও নামে পরিচিত ছিলেন—১৯৯২ থেকে ২০২৪ সালের মধ্যে লিখেছিলেন।

২০২১ সালের জানুয়ারিতে লেখা অত্যন্ত আকর্ষণীয় একটি অংশে ফ্রান্সিস উল্লেখ করেছেন যে, তিনি কিছু ‘আধ্যাত্মিক দর্শন’ লাভ করেছিলেন, যার মধ্যে শয়তানের উপস্থিতিও ছিল।

তিনি লিখেছেন, “আমি স্পষ্টভাবে শয়তানের কণ্ঠস্বর শুনতে পেয়েছিলাম।”

তিনি জানান, প্রায় ১৫ বছর আগে, যখন তিনি বুয়েনস আইরেসের আর্চবিশপ ছিলেন, তখন একবার গাড়িতে থাকা অবস্থায় এবং অন্যবার প্রার্থনা সভায় (মাস) গায়কদলের বসার জায়গায় (কোয়ার লফট) তিনি শয়তানকে দেখেছিলেন। প্রকাশিত অংশে ফ্রান্সিস লিখেছেন যে, শয়তানের সেই ‘ভীতিজনক চোখ’ তিনি কখনোই ভুলতে পারেননি। পোপ হিসেবে বিদেশ সফরের সময়ও তিনি শয়তানের উপস্থিতি অনুভব করেছিলেন। এর মধ্যে ২০১৮ সালের চিলি সফরটিও অন্তর্ভুক্ত। সেই সফরের সময় বিমানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দেশটির যাজকীয় যৌন নির্যাতনের শিকার ব্যক্তিদের অভিযোগকে গুরুত্বহীন বলে মন্তব্য করলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছিল।

রোমে ফিরে আসার পর ফ্রান্সিস ক্ষমা প্রার্থনা করেন, একটি তদন্তের নির্দেশ দেন এবং স্বীকার করেন যে ভুক্তভোগীরা সঠিক ছিলেন—তিনি চিলির গির্জার উচ্চপদস্থ কর্মকর্তাদের মাধ্যমে বিভ্রান্ত হয়েছিলেন। বিশ্বজুড়ে যাজকদের সংঘটিত যৌন নির্যাতনের বিষয়টি মোকাবিলা করার জন্য তিনি ২০১৯ সালে ভ্যাটিকানে কার্ডিনালদের নিয়ে একটি নজিরবিহীন সম্মেলনেরও আয়োজন করেন।

ভ্রমণ শেষে তিনি লেখেন, “চিলির পরিস্থিতি এবং বিমানে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের কারণে আমি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। সমস্যাটি কতটা গুরুতর, তা আমি তখন বুঝতে পারি... চিলিতে যা ঘটেছিল তা স্বীকার করা আমার জন্য কঠিন ছিল; আমি ভাবিনি বিষয়টি এত গুরুতর।”

এর কয়েক মাস পর রোমে তিনি লেখেন, চিলির এই কেলেঙ্কারির মধ্যে তিনি যেন ‘নরকের প্রবেশপথ’ এবং ‘পৌত্তলিক প্রলোভনের পূর্ণ বিস্তার’ দেখতে পেয়েছিলেন।

ডায়েরির সেই অংশে লেখা ছিল, “আমি একটু উঁকি দিয়েছিলাম, আর তা আমাকে আতঙ্কিত করে তুলেছিল। আমি অস্ত্র হিসেবে জপমালা (রোসারি) আঁকড়ে ধরলাম। এই সহায়তার জন্য আমি প্রভুকে ধন্যবাদ জানাই।”

ভ্যাটিকানের ‘ডিকাস্টেরি ফর দ্য ডকট্রিন অফ দ্য ফেইথ’-এর প্রধান ফার্নান্দেজ জানিয়েছেন , ২০২৫ সালের এপ্রিলে মারা যাওয়া পোপ ফ্রান্সিস তাকে অনুরোধ করেছিলেন যেন তার ব্যক্তিগত ডায়েরিটি বিশ্বের সামনে প্রকাশ করা হয়। সেই অনুরোধ অনুযায়ীই এই অংশগুলো প্রকাশিত হয়েছে।

(ওএস/এএস/নভেম্বর ২৫, ২০২৬)











পাঠকের মতামত:

২৫ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test