E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বোস্টনে ১০ লাখ ডলারের লটারি জিতে আইসিইর হাতে গ্রেপ্তার বিজয়ী অভিবাসী

২০২৬ নভেম্বর ২৭ ১৮:৩৯:২৫
বোস্টনে ১০ লাখ ডলারের লটারি জিতে আইসিইর হাতে গ্রেপ্তার বিজয়ী অভিবাসী

ইমা এলিস, নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে ১০ লাখ ডলারের লটারি জেতার কয়েক দিনের মধ্যেই মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই)-এর হাতে গ্রেপ্তার হয়েছেন এক অভিবাসী। লটারিতে বিপুল অর্থ জয়ের আনন্দ শেষ হতে না হতেই তাঁকে আটক করে আইসিই। সংস্থাটি জানিয়েছে, লটারি জয়ের খবর থেকেই ওই ব্যক্তির সন্ধান পাওয়া যায়।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তির নাম এরিয়েল ভেলাসকেজ-মোরালেস। তিনি এল সালভাদরের নাগরিক। মাত্র ১০ ডলারের একটি স্ক্র্যাচ-অফ লটারির টিকিট কিনে ১০ লাখ ডলারের পুরস্কার জেতেন তিনি।

লটারি জয়ের পর একটি বিশাল আকারের প্রতীকী চেক হাতে নিয়ে ছবিও তোলেন ভেলাসকেজ-মোরালেস। কিন্তু কয়েক দিনের মধ্যেই তাঁর ভাগ্য বদলে যায়। লটারি জয়ের খবরের সূত্র ধরে তাঁকে শনাক্ত করে আইসিই কর্মকর্তারা।

মার্কিন সংবাদমাধ্যম কেএবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বোস্টনের যে এলাকায় তিনি লটারির টিকিটটি কিনেছিলেন, সেই এলাকাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়।

আইসিইর দাবি, ভেলাসকেজ-মোরালেস ২০১৩ সালে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। পরের বছর, অর্থাৎ ২০১৪ সালে তাঁকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়েছিল।

গ্রেপ্তারের পর আইসিইর বোস্টন কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রচার করে। সেখানে সংস্থাটি নিজেদের অভিবাসনবিষয়ক অভিযানকে লটারির সঙ্গে তুলনা করে জানায়, অবৈধ অভিবাসী ও অভিবাসীবান্ধব নীতির সমর্থক রাজনীতিবিদদের ভাগ্য আর সহায় নয়।

আইসিই কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত ভেলাসকেজ-মোরালেস সংস্থাটির হেফাজতেই থাকবেন।

এদিকে লটারিতে জেতা ১০ লাখ ডলারের অর্থ তিনি শেষ পর্যন্ত হাতে পাবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এ বিষয়ে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের লটারি কর্তৃপক্ষ কিংবা রাজ্যের কোষাধ্যক্ষের কার্যালয় এখনো কোনো মন্তব্য করেনি। ফলে ১০ ডলারের টিকিটে ১০ লাখ ডলার জিতেও সেই অর্থ শেষ পর্যন্ত ভোগ করতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন ভেলাসকেজ-মোরালেস।

(আইএ/এসপি/নভেম্বর ২৭, ২০২৬)

পাঠকের মতামত:

২৭ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test