E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন হতে পারে’

২০২৬ জুন ০২ ১৭:২৫:১৬
‘২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন হতে পারে’

স্টাফ রিপোর্টার : ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নির্ধারিত তারিখ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, পরীক্ষার সময়সূচি নিয়ে আরও একবার স্টেকহোল্ডারদের (অংশীজন) সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আজ মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

শিক্ষামন্ত্রী জানান, ২০২৭ সালের এসএসসি পরীক্ষার রুটিন নিয়ে আগেই বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সেই সিদ্ধান্ত নিয়ে এখন আবার নতুন মতামত উঠে আসায় বিষয়টি পুনর্বিবেচনার সুযোগ রয়েছে।

তিনি বলেন, পরীক্ষার তারিখ আগামী বছরের ৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল। তবে এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা রয়েছে। প্রয়োজনে আবার অংশীজনদের সঙ্গে বসে নতুন তারিখ নির্ধারণ করা হবে।

রমজানকে কেন্দ্র করে পরীক্ষার সময়সূচিতে পরিবর্তনের বিষয়টিও শিক্ষামন্ত্রীর বক্তব্যে উঠে আসে। তিনি বলেন, রোজার বিষয়টি বিবেচনায় রেখে পরীক্ষার সময় এক মাস এগিয়ে আনার সিদ্ধান্ত হয়েছিল। আগে পরিকল্পনা ছিল ফেব্রুয়ারির শেষ সপ্তাহে পরীক্ষা আয়োজনের, তবে রোজার কারণে তা জানুয়ারির শুরুতে আনা হয়।

মন্ত্রী আরও বলেন, এখন অনেকে বলছেন রোজার পরে পরীক্ষা শেষ করা উচিত। বিষয়টি নিয়ে আবার আলোচনা হচ্ছে। আলোচনার মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার সময়সূচি নির্ধারণে সবার মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং শিক্ষা মন্ত্রণালয় স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করেই কাজ করছে। পাবলিক ওপিনিয়ন (জনমত) ও শিক্ষার্থীদের সিলেবাস শেষ হওয়া—দুই বিষয়ই বিবেচনায় নিতে হবে। সিলেবাস শেষ না করে কোনোভাবেই পরীক্ষা নেওয়া সম্ভব নয়।

সরকার ইতিমধ্যে রুটিন ঘোষণা করলেও পরিস্থিতি বিবেচনায় সেটি পুনর্বিবেচনার দরজা খোলা রয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

(ওএস/এসপি/ জুন ০২, ২০২৬)

পাঠকের মতামত:

১৩ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test