E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন : নিবন্ধন শুরু ১২ অক্টোবর

২০২৬ অক্টোবর ০৯ ১৩:৪৮:৩২
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন : নিবন্ধন শুরু ১২ অক্টোবর

স্টাফ রিপোর্টার : জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে অংশ নিতে আগ্রহীদের জন্য আগামী ১২ অক্টোবর থেকে অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে। নিবন্ধন চলবে ১২ নভেম্বর পর্যন্ত।
আগামী বছরের ২৩ জানুয়ারি সমাবর্তন আয়োজনের তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (৭ অক্টোবর) প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে সমাবর্তনে অংশগ্রহণের যোগ্যতা, নিবন্ধনের সময়সীমা ও ফি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে, ২০১৩ থেকে ২০২৪ সালের মধ্যে স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নিবন্ধনের সুযোগ পাবেন। অন্যদিকে মাস্টার্স ফাইনাল, বিবিএ, এমএড, বিএসসি ইন সিএসই, এলএলবি ফাইনাল, বিএফএ অনার্স ও বিএফএ পাস পরীক্ষায় ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।

বিভিন্ন প্রোগ্রামের জন্য উত্তীর্ণ হওয়ার বছরেও রয়েছে ভিন্নতা। এমবিএতে ২০১৩ থেকে ২০২২, বিএড অনার্সে ২০১৪ থেকে ২০২৩, বিএসসি ইন ইসিইতে ২০১২ থেকে ২০২৩ এবং এমএসসি ইন সিএসইতে ২০১১ থেকে ২০২২ সালের মধ্যে উত্তীর্ণরা নিবন্ধন করতে পারবেন।

বিবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে উত্তীর্ণরা যোগ্য বলে বিবেচিত হবেন। বিএসসি অনার্স ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্টে ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীরাও নিবন্ধন করতে পারবেন। অনার্স ইন থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজের ক্ষেত্রে যোগ্যতার সময়সীমা ২০১৯ থেকে ২০২২ সাল।

এ ছাড়া বিএসসি অনার্স ইন এফডিটি, বিএসসি অনার্স ইন এএমটি, বিএসসি অনার্স ইন কেএমটি এবং এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রোগ্রামে ২০২২ ও ২০২৩ সালে উত্তীর্ণরা সমাবর্তনে অংশ নিতে পারবেন।

মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্টে ২০১৬ থেকে ২০২৩, মাস্টার্স ইন মিডিয়া অ্যান্ড জার্নালিজমে ২০২০ থেকে ২০২২, এমপিএডে ২০২০ থেকে ২০২৩ এবং এমএসএডে ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে উত্তীর্ণদের জন্যও নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি, অন-ক্যাম্পাস এমএএস/এএমবিএ প্রোগ্রামে ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থী এবং ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে এমফিল বা পিএইচডি ডিগ্রি অর্জনকারী গবেষকেরা নিবন্ধন করতে পারবেন।

সমাবর্তনে অংশ নিতে নিবন্ধন ফি দিতে হবে ৪ হাজার টাকা অথবা ৪০ মার্কিন ডলার। প্রতিটি সনদের জন্য নির্ধারিত ফি ৮০০ টাকা অথবা ১০ মার্কিন ডলার। তবে আগে থেকেই মূল সনদ সংগ্রহ করা থাকলে সংশ্লিষ্ট সনদের জন্য নতুন করে ফি দিতে হবে না।

অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে। ফি পরিশোধের জন্য থাকছে সোনালী সেবা, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এবং ক্রেডিট ও ডেবিট কার্ডের সুবিধা। মাস্টারকার্ড, ভিসা, অ্যামেক্স ও নেক্সাস কার্ডেও অর্থ পরিশোধ করা যাবে।

নিবন্ধন বিষয়ে সহায়তা পেতে ০১৩৪৭-৫৫২১৫১-৭ নম্বরে এবং পেমেন্টসংক্রান্ত সমস্যায় ০১৩৪৭-৫৫২১৫৮ নম্বরে যোগাযোগ করা যাবে। সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত এ সহায়তা পাওয়া যাবে। প্রয়োজনে [email protected] ঠিকানায় ই-মেইল করা যাবে।

সমাবর্তনের নির্দিষ্ট সময়, স্থান ও অনুষ্ঠানসূচি পরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং গণমাধ্যমের মাধ্যমে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

(ওএস/এএস/অক্টোবর ০৯, ২০২৬)






পাঠকের মতামত:

০৯ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test