E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই

২০২৬ নভেম্বর ২১ ০০:৫৭:২১
২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই

স্টাফ রিপোর্টার : আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। 

তিনি আরও জানিয়েছেন, ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে নতুন শিক্ষাবর্ষের বই।
ফলে ফল জানার পরপরই পরবর্তী শ্রেণির নতুন বই নিয়ে বাড়ি ফিরতে পারবে শিক্ষার্থীরা।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার মানোন্নয়নবিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

এহসানুল হক মিলন বলেন, মেধাবী কোনো শিক্ষার্থী যেন টাকার অভাবে পড়াশোনা থেকে ঝরে না পড়ে তা নিশ্চিত করতে হবে।

এ সময় মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনকে উদ্দেশ্য করে তিনি বলেন, টাকার অভাবে পড়াশোনা চালিয়ে যেতে না পারা মেধাবী শিক্ষার্থীদের ব্যক্তিগতভাবে খোঁজখবর নিতে হবে।
এ ধরনের কোনো সমস্যা দেখা দিলে তাকে জানাতে বলেন শিক্ষামন্ত্রী। প্রয়োজনে তিনি নিজেও ব্যক্তিগত তহবিল থেকে শিক্ষার্থীদের সহায়তা করবেন।

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, সব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে আগামী ২৪ ডিসেম্বর। সেদিন ফলের শিটের পাশাপাশি শিক্ষার্থীরা পরবর্তী শ্রেণির নতুন বই পাবে।

উদাহরণ হিসেবে তিনি বলেন, যারা চতুর্থ শ্রেণি থেকে পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণ হবে, তারা সেদিন পঞ্চম শ্রেণির বই নিয়ে বাড়ি ফিরবে।

নতুন বই সরবরাহের অগ্রগতি তুলে ধরে এহসানুল হক মিলন বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলোতে ইতোমধ্যে বই পৌঁছে গেছে। মাধ্যমিক পর্যায়ের বইও আগামী ৩০ নভেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হবে। তবে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে ২৪ ডিসেম্বর।

বইয়ের মান নিশ্চিত করার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এবার উন্নত মানের কাগজ ও ছাপায় বই প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বই সহজে নষ্ট না হয়। কোনো বইয়ের কাগজ কিংবা ছাপার মান নির্ধারিত মান অনুযায়ী না হলে সংশ্লিষ্ট প্রকাশককে বিল দেওয়া হবে না।

শিক্ষার মানোন্নয়নে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, আগামী বছর থেকে প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের পোশাক, জুতা-মোজা, শিক্ষকদের ট্যাব এবং মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে অন্তত দুটি শ্রেণিকক্ষ মাল্টিমিডিয়া সুবিধার আওতায় আনা হবে। মাদ্রাসাগুলোতেও তৈরি করা হবে মাল্টিমিডিয়া সুবিধাসম্পন্ন শ্রেণিকক্ষ।

মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নূর মহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, পুলিশ সুপার (এসপি) মো. বদরুদ্দোজা, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফছা নাদিয়া, গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ এবং গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিকী উল্লাহ ফরিদসহ অনেকে।

অনুষ্ঠানে গজারিয়া উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং কয়েক হাজার শিক্ষার্থীরা অংশ নেন।

(ওএস/এএস/নভেম্বর ২১, ২০২৬)



পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test