E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় এক হাসপাতালে ১৭ শিশু 

২০২৬ এপ্রিল ১০ ১৮:৫৩:৪৭
গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় এক হাসপাতালে ১৭ শিশু 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ১৭ শিশু ভর্তি হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে আজ শুক্রবার সকাল ৯ টা পর্যন্ত এসব শিশু ওই ওয়ার্ডে ভর্তি হয়েছে।

আজ শুক্রবার দুপুর ১ টা পর্যন্ত আইসোলেশন ওয়ার্ডের ২০ বেডে হামের উপসর্গে ১৯ শিশু চিকিৎসাধীন রয়েছে। এরমধ্যে ১৮টি শিশু ওয়ার্ডে ও ১টি শিশু কেবিনে রয়েছে।

গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা বলেন, এ পর্যন্ত আমাদের হাসপাতাল থেকে ৩৫ নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হয়েছে। এমধ্যে ৮টি নমুনার রিপোর্ট আমরা হাতে পেয়েছি। এ রিপোর্টে ৬ শিশুর দেহে হাম সনাক্ত হয়েছে। হাম সনাক্ত শিশুরা সুস্থ্ রয়েছে। এখন পর্যন্ত এ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে কোন রোগী মৃত্যু বরণ করেনি।

গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ৯ মাসের শিশু জান্নাতী ইসলামের মা রহিমা খানম বলেন, আমাদের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতি গ্রামে। গত রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় আমার মেয়ের শরীরে জ্বর নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে আসি। ওই দিন রাত ২ টার দিকে মেডিকেল কলেজ থেকে আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়। ভর্তির পরের দিন মেয়ের শরীরে সামান্য দানা-দানা দেখা দেয়। পরে এটি লাল রং ধারণ করে বাড়তে থাকে । টানা ৫ দিনের চিকিৎসায় এটি সব কমেগেছে । এখন কাশি আছে। কাশি কমে গেলেই বাড়ি চলে যাব।

গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ৭ মাসের শিশু আরশি আক্তার। তার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া গ্রামে। ওই শিশুর মা সোনালী বেগম বলেন, প্রথম জ্বর নিয়ে মেয়েকে ৬ এপ্রিল মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেল ওয়ার্ডে ভর্তি করি । পরে মুখে লাল র‌্যাস দেখা দেয় । মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর গত ৮ এপ্রিল আমার মেয়েকে আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালের আইসোলেন ওয়ার্ডে পাঠানো হয়। এখানে চিকিৎসায় তার উন্নতি হচ্ছে। এখানে ভাল চিকিৎসা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ২০ বেডের আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। সেখানে হামের উপসর্গ নিয়ে বর্তমানে ১৪ রোগী চিকিৎসাধীন রয়েছে। এরমধ্যে ৫ রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হয়েছে। এখনো ওইসব নমুনার রেজাল্ট আসেনি। এসব তথ্য জানিয়েছেন ওই মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নিয়াজ মোহাম্মদ।

ওই কর্মকর্তা আরো বলেন, এ ওয়ার্ডে হাম উপসর্গে ভর্তি রোগীদের চিকিৎসায় আধুনিক সব ব্যবস্থা রাখা হয়েছে।

(টিবি/এসপি/এপ্রিল ১০, ২০২৬)

পাঠকের মতামত:

১০ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test