E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে বাড়ছেই হামের প্রকোপ, একদিনে হাসপাতালে ভর্তি ৯১ রোগী

২০২৬ মে ৩১ ১৯:০৫:৪৭
ফরিদপুরে বাড়ছেই হামের প্রকোপ, একদিনে হাসপাতালে ভর্তি ৯১ রোগী

দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে হাম রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৩১ মে সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ৯১ জন হাম রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফরিদপুর জেলায় মোট ২ হাজার ১২৮ জন হাম রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে হামে আক্রান্ত হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে।
উপজেলাভিত্তিক আক্রান্তদের মধ্যে আলফাডাঙ্গায় ২১ জন, ভাঙ্গায় ১২ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৬ জন, সদরপুরে ১৪ জন, সালথায় ২২ জন এবং ফরিদপুর সদরে ৫ জন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া বোয়ালমারী ও চরভদ্রাসন উপজেলাতেও নতুন হাম রোগী পাওয়া গেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ৩৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে সেখানে ৬৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত হাসপাতালটি থেকে ৫৫৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

অন্যদিকে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ৫৮ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে ১১৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ২৭ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ পর্যন্ত হাসপাতালটি থেকে ১ হাজার ২৫৪ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।

দুই হাসপাতালে বর্তমানে মোট ১৮৩ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ৪৫ জন রোগী।

হামের বিস্তার রোধে জেলা স্বাস্থ্য বিভাগ শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ, আক্রান্ত ব্যক্তিকে পৃথক রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো টিকা গ্রহণই হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।

(ডিসি/এসপি/মে ৩১, ২০২৬)

পাঠকের মতামত:

৩১ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test