E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু’

২০২৬ নভেম্বর ২৩ ১৫:২৮:১৮
‘অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু’

স্টাফ রিপোর্টার : অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে প্রতিবছর সোয়া লাখ মানুষ মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। 

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বনানীর হোটেল সারিনায় আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

ড. এম এ মুহিত বলেছেন, দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে প্রতিবছর সোয়া লাখ মানুষ মৃত্যুবরণ করেন। এর চেয়েও বেশি সংখ্যক রোগীকে দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হয় এবং চিকিৎসা ব্যয় বেড়ে যায়।

সরকার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নিচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে চিকিৎসা, ফার্মেসি এবং নার্সিং শিক্ষার পাঠ্যক্রম পর্যালোচনাবিষয়ক এই কর্মশালার আয়োজন করা হয়।

সেন্টার ফর মেডিকেল এডুকেশন (সিএমই), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর (ডিজিএমই) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে এটি বাস্তবায়ন করছে।

আন্তর্জাতিক জনসাস্থ্যবিদ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড এম এ মুহিত বলেন, চিকিৎসক ও রোগীদের আচরণগত পরিবর্তন না আনলে শুধু জ্ঞান বা সচেতনতা দিয়ে এই সংকট মোকাবিলা সম্ভব নয়।
ব্যবস্থাপত্র ছাড়া বা ‘ওভার দ্য কাউন্টার’ অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও তার কঠোর বাস্তবায়ন জরুরি।

ড. এম এ মুহিত বলেন, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রোধে সরকার ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা বা ই-হেলথ চালু করছে। এর আওতায় ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড এবং ইলেকট্রনিক প্রেসক্রিপশন ব্যবস্থা থাকবে। ফলে সবকিছু ডিজিটাল নজরদারির আওতায় আসবে।

তিনি আরও বলেন, দেশব্যাপী সরকারি হাসপাতালের ফার্মেসিগুলোকে একটি সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনা হবে। এতে বিনামূল্যের ওষুধের অপচয় রোধের পাশাপাশি সঠিক রোগীর কাছে মানসম্মত ওষুধ পৌঁছানো নিশ্চিত হবে। চিকিৎসা, নার্সিং, মিডওয়াইফারি ও ফার্মেসি শিক্ষার পাঠ্যক্রমে আধুনিক তথ্য ও আন্তর্জাতিক মানদণ্ড যুক্ত করার উদ্যোগকে তিনি স্বাগত জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর মেডিকেল এডুকেশনের (সিএমই) পরিচালক অধ্যাপক ডা. শামীমা রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের সিনিয়র হেলথ পলিসি অ্যাডভাইজর সাংগে ওয়াংমো, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব শবনম মুস্তারি, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম। এর আগে স্বাগত বক্তব্য দেন সিএমইর অধ্যাপক ডা. দিলারা আলো।

(ওএস/এএস/নভেম্বর ২৩, ২০২৬)







পাঠকের মতামত:

২৩ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test