E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সততা ও সাহসিকতার বিজয়, একজন শরীফ উদ্দিনের গল্প

২০২৬ নভেম্বর ১১ ১৮:০৭:১২
সততা ও সাহসিকতার বিজয়, একজন শরীফ উদ্দিনের গল্প

চৌধুরী আবদুল হান্নান


এ কাহিনী আসলে গল্প নয়, সম্পূর্ণ বাস্তব, তবে গল্পের মতো। সারা দেশের সর্বস্তরের সচেতন মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেছে দুর্নীতি দমন কমিশনের চাকরিচ‍্যুত উপসহকারী পরিচালক মোঃ শরীফ উদ্দিনের চাকরি ফিরে পাওয়ার যুদ্ধটার শেষ পরিণতি কী হয়, তা দেখার জন‍্য।

এ যেন গভীর জঙ্গলে বাঘ-ভাল্লুকের সাথে লড়াই করে একটি দুর্বল হরিণের বেঁচে থাকা। এ যুদ্ধটা চলেছে সাড়ে চার বছরের বেশি সময় ধরে, ২০২২ সালে কোনো কারণ দর্শানো ছাড়াই দূদক কর্মচারী বিধিমালার একটি বিশেষ ধারা অনুযায়ী তাঁকে চাকরি থেকে অপসারণ করা হয়েছিল অর্থাৎ তাঁর নামে আনীত অভিযোগের বিষয়ে তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি।

যে আইনে অভিযুক্তকে দণ্ড দেওয়ার আগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই, সেটি কেমন আইন?মৃত‍্যুদণ্ডযোগ‍্য অপরাধ বা খুনের আসামীকেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়।

শরীফ উদ্দিনের অপরাধ কী?

চট্টগ্রাম অন্চলে দায়িত্ব পালন কালে কিছু বড় ধরণের এবং চাঞ্চল‍্যকর দুর্নীতির তথ‍্য উদঘাটন করে দেশজুড়ে আলোচনায় আসেন তিনি ।বিশেষ করে রোহিঙ্গাদের অবৈধভাবে জাতীয় পরিচয়পত্র প্রদান ও পাসপোর্ট তৈরিতে জড়িত শক্তিশালী চক্রের বিরুদ্ধে অনুসন্ধান, নির্বাচন কমিশন কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা এবং বেশ কয়েকটি বড় দুর্নীতির তদন্তে তাঁর সাহসী পদক্ষেপ ব‍্যাপক প্রশংসা পায়।

প্রশংসনীয় কাজ হলে কী হবে? বড় বিপদ তাঁর জন‍্য অপেক্ষা করছিল এখানেই। তাঁর জীবন বিপন্ন হয়েছিল, বিভিন্ন মহল থেকে প্রাণ নাশের হুমকিও পেয়েছিলেন তিনি। শরীফ উদ্দিনের হয়তো জানা ছিল না যে, দুর্নীতি পরায়ন ব‍্যক্তিরা কত শক্তিশালী ও ভয়ঙ্কর, তাঁর জীবন বেঁচে আছে এটাই বিস্ময়।

চাকরি ফিরে পেতে তিনি কর্তৃপক্ষের কাছে অনেক আবেদন নিবেদন করেও কোনো লাভ হয়নি, বাধ‍্য হয়ে হাইকোর্টে রিট করেন।

আদালত চাকরিচ‍্যুতির আদেশ অবৈধ ঘোষণা করে শরীফের চাকরি পুনর্বহালের পক্ষে রায় দেন। কিন্ত হাইকের্টের রায়ের বিরুদ্ধে দুদক লিভ টু আপিল করায় তাঁর কাজে যোগদান আটকে যায়। যে কোনোভাবে শরীফকে আটকাতে হবে, তা না হলে অনেকের ঘুম হারাম হবে যে। তবে সম্প্রতি দুর্নীতি দমন কমিশন তাদের পূর্বে দায়ের করা আপিল আবেদন প্রত‍্যাহার করে নেয়, ফলে শরীফ উদ্দিনের চাকরিতে যোগ দিতে সকল বাধা দূর হয়ে যায়।

বহু চড়াই-উতরাই পেরিয়ে মো: শরীফ উদ্দিন পুনর্বহাল হয়ে গত ১০ নভেম্বর চাকরিতে যোগদান করেছেন, তাঁর হাতে এখন সততা আর সৎ সাহসের বিজয় পতাকা।

এভাবে কত শত নিরাপরাধ কর্মকর্তা প্রভাবশালীদের রোষানলে পড়ে চাকরি হারিয়েছেন তার কোনো ইয়ত্তা নেই, তবে শরীফ উদ্দিনের দেখানো পথে তারা ঘুরে দাঁড়ানোর অনুপ্ররণা পাবেন।

যে দুদক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করে শরীফ উদ্দিনের পুনর্নিয়োগ আটকে দিয়েছিল এবং তারাই আবার তাদের আপিল প্রাত‍্যাহার করে নিয়ে তাঁর চাকরি ফিরিয়ে দিলো, একজন অধিনস্ত কর্মকর্তাকে কাবু করতে সংস্থাটির কেন এতো ধস্তাধস্তি, সে আলোচনা এখানে মুখ‍্য নয়। তবে শরীফ উদ্দিনের বিজয়ে একাত্ব হয়ে আমরা আনন্দ প্রকাশ করতেই পারি।

দুর্নীতি দমন কমিশনকে “ঠুঁটো জগন্নাত বা দন্তহীন ব‍্যঘ্র” অতীতের এমন বদলাম ঘোচাতে শরীফ উদ্দিনের মতো সৎ, সাহসী ও দক্ষ কর্মকর্তাদের যে কোনো মূল‍্যে সুরক্ষা দিতে হবে, পুরস্কৃত করতে হবে, তা হলে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি পাবে এবং ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে প্রতিকার, প্রতিরোধ গড়ে উঠবে।

লেখক : অবসরপ্রাপ্ত ডিজিএম, সোনালী ব‍্যাংক।

পাঠকের মতামত:

১১ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test