বিমান উড্ডয়নের মুহূর্তে উদ্বেগময় এক রাত
আবদুল হামিদ মাহবুব
একটি উড়োজাহাজের বিলম্ব, যুক্তরাষ্ট্রজজুড়ে বিমান চলাচলে বিপর্যয় এবং বাংলাদেশে বসে সন্তানের নিরাপদ যাত্রার অপেক্ষায় এক পিতার দীর্ঘ উদ্বেগের গল্প এটি। গল্প বললেও এটি কোন বানোয়াট কাহিনী দিয়ে সৃষ্টি নয়। আমার নিজের গল্প।
ভীষণ উদ্বেগের মধ্য দিয়ে বাংলাদেশের শুক্রবারের (১৩ নভেম্বর ২০২৬) দিবাগত রাত কেটেছে আমার ও আমার স্ত্রীর। আমাদের একমাত্র ভাবনার কেন্দ্রবিন্দুতে ছিল ছেলে নাজমুস সায়াদাত ইফাত। সে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় থাকে এবং টেম্পল ইউনিভার্সিটিতে পিএইচডি করছে। গবেষণার কাজে চার দিনের একটি সম্মেলনে যোগ দিতে তার যাওয়ার কথা ছিল ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলাইনায়। বিমান পথে দূরত্ব ছিল ১ ঘন্টা ২৫ থেকে ১ ঘন্টা ৩০ মিনিটের। সব প্রস্তুতি সম্পন্ন করেই সে যাত্রা শুরু করেছিল।
নির্ধারিত সময়েই ছেলে ফিলাডেলফিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে যায়। যথাসময়ে বিমানে উঠে হোয়াটসঅ্যাপে আমাদের জানায়, অল্পক্ষণের মধ্যেই বিমান আকাশে উড়বে। তখন বাংলাদেশে রাত দুইটার বেশি। অর্থাৎ ১৪ নভেম্বর শুরু হয়ে গেছে। ছেলের বার্তা পেয়ে আল্লাহর নামে যাত্রা করার শুভকামনা জানিয়ে আমিও ঘুমানোর চেষ্টা করছিলাম। ভাবছিলাম, দেড় দুই ঘণ্টার মধ্যেই হয়তো গন্তব্যে পৌঁছানোর খবর পাব।
কিন্তু সেই নিশ্চিন্ত হওয়ার সুযোগ আর হলো না। হঠাৎ আমাদের পারিবারিক মেসেঞ্জার গ্রুপে ছেলের স্ত্রী সৈয়দা আদিবা হুদা মুমুর একটি বার্তা এল। জানাল, ইফাতের বিমান আবার ঘুরে এসে সম্ভবত যাত্রীদের নামিয়ে দেবে। বার্তাটি পড়ে বুকের ভেতরটা কেঁপে উঠল। কী ঘটেছে? কেন বিমান আবার ফিরে আসবে? সঙ্গে সঙ্গে ফোন করলাম বৌমাকে। তার কাছ থেকে জানতে পারলাম, যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচলে সতর্কতা জারি হয়েছে।
বিষয়টি বুঝতে গুগলে খোঁজ করলাম, কৃত্রিম বুদ্ধিমত্তার কাছেও জানতে চাইলাম। বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য থেকে বুঝতে পারলাম, ঘটনাটি কোনো একটি বিমানবন্দরের মধ্যে সীমাবদ্ধ নয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা এফএএ দেশটির বিমান চলাচলে নজিরবিহীন একটি সিদ্ধান্ত নিয়েছে। নিরাপত্তার স্বার্থে দেশজুড়ে বিমান উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। খবরটি জানার পর আমাদের উৎকণ্ঠা আরও বেড়ে গেল।
এরপর ছেলের একটি ভয়েস মেসেজ পেলাম। সে জানাল, তাদের বিমান রানওয়ে ফিরে এসে সকল যাত্রীকে নামিয়ে দিয়েছে। এখন যাত্রীদের লাউনজে বসিয়ে রাখা হয়েছে। সম্ভবত ফ্লাইট বাতিল হবে। আমি ফিরতি মেসেজে তাকে বললাম, ঘরে ফিরে যাওয়ার আগে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় অবশ্যই আমাদের জানাতে। কিন্তু এরপর আর কোনো খবর নেই। কখনো মনে হচ্ছে বিমান বাতিল হয়েছে, কখনো ভাবছি আবার উড্ডয়নের অনুমতি মিলবে। অনিশ্চয়তার মধ্যে একসময় হয়তো ঘুমিয়ে পড়েছিলাম।
সকালে মোবাইলের শব্দে ঘুম ভাঙল। হোয়াটসঅ্যাপে ছেলের বার্তা। জানাল, তাদের আবার বিমানে তোলা হয়েছে। এবার হয়তো বিমান ছাড়বে। বাংলাদেশে ১৪ নভেম্বরের সকাল তখন যুক্তরাষ্ট্রের ১৩ নভেম্বর শুক্রবার রাতের সঙ্গে মিলে যাচ্ছে। অবশেষে আমেরিকান এয়ারলাইন্সের বিমানটি সেদেশের রাত আনুমানিক সাড়ে দশটার দিকে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে। কিন্তু বিমান সত্যিই ছেড়েছে কি না, সেটি নিশ্চিত হওয়ার জন্যও আমাদের অপেক্ষা করতে হচ্ছিল।
বিমানের নম্বর দিয়ে ফ্লাইট ট্র্যাকিং অ্যাপের মাধ্যমে অবস্থান জানার চেষ্টা করলাম। কিন্তু অ্যাপটি ঠিকমতো কাজ করছিল না। আমাদের বেয়াই, অর্থাৎ বৌমার বাবাকে ফোন করলাম। তিনি এসব প্রযুক্তিগত বিষয়ে বেশ অভিজ্ঞ। তাঁকেও অনুরোধ করলাম বিমানের অবস্থানটি দেখে জানাতে। তিনিও জানালেন, কোনো কারণে অ্যাপটি ঠিকমতো কাজ করছে না। ফলে বিমান ছেড়েছে জানার পরও সেটি কত দূর এগিয়েছে, নিরাপদে যাচ্ছে কি না, কিছুই নিশ্চিত হতে পারছিলাম না।
অবশেষে বাংলাদেশ সময় সকাল ১০টা ৪৮ মিনিটে হোয়াটসঅ্যাপে ছেলের ভয়েস মেসেজ এল। তার কণ্ঠে স্বস্তির সুর। বলল, "বাবা, আমি পৌঁছে গেছি। হোটেলে পৌঁছে তোমার সঙ্গে আবার কথা বলব।" মুহূর্তের মধ্যে বুকের ওপর জমে থাকা ভারী পাথরটি যেন সরে গেল। আলহামদুলিল্লাহ। সন্তানের নিরাপদে পৌঁছানোর সংবাদ একজন মা-বাবার কাছে কত বড় স্বস্তি, তা ভাষায় প্রকাশ করা কঠিন। তবে তখনো মনে প্রশ্ন, কী ঘটেছিল যুক্তরাষ্ট্রের আকাশপথে?
কেন বন্ধ হয়েছিল যুক্তরাষ্ট্রের বিমান চলাচল
সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ১৩ নভেম্বর শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন দেশব্যাপী বিমান উড্ডয়ন স্থগিতের নির্দেশ দেয়। এর আনুষ্ঠানিক নাম গ্রাউন্ড স্টপ। আকাশে থাকা বিমানগুলোকে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর সুযোগ দেওয়া হলেও নতুন করে উড্ডয়ন করতে যাওয়া বিমানগুলোকে বিমানবন্দরে অপেক্ষা করতে বলা হয়। বিদেশ থেকে আসা ফ্লাইটগুলোর ক্ষেত্রেও পরিস্থিতি বিবেচনা করে আলাদা সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল।
এই সিদ্ধান্তের মূল কারণ ছিল বিমান চলাচল নিয়ন্ত্রণকারী বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রের মধ্যে যোগাযোগব্যবস্থায় গুরুতর সমস্যা। যুক্তরাষ্ট্রের আকাশে হাজার হাজার বিমান চলাচল করে। কোন বিমান কোথায় আছে, কোন পথে যাচ্ছে, অন্য বিমানের সঙ্গে তার নিরাপদ দূরত্ব কতটুকু, কখন অবতরণ করবে, এসব বিষয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে পাইলটদের নির্ভরযোগ্য যোগাযোগ অপরিহার্য। সেই যোগাযোগব্যবস্থায় বিঘ্ন ঘটায় নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ নেয়।
যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার পুরোনো প্রযুক্তিগত অবকাঠামো অতিরিক্ত তথ্যের চাপে সমস্যায় পড়ে। বহু ক্ষেত্রে এখনো পুরোনো অ্যানালগ প্রযুক্তি, তামার তার, পুরোনো সুইচ ও রাউটারের ওপর নির্ভর করতে হয়। নতুন প্রযুক্তি এবং পুরোনো ব্যবস্থার সমন্বয়েও চাপ তৈরি হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। অর্থাৎ আধুনিক বিমান চলাচলের বিশাল দায়িত্ব পালনে ব্যবহৃত প্রযুক্তির দুর্বলতাই এই সংকটের পেছনে গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়ায়।
এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আশঙ্কা ও গুজব ছড়িয়ে পড়লেও যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী মার্কওয়েন মুলিন জানিয়েছিলেন, তখন পর্যন্ত কোনো সাইবার হামলা বা সন্ত্রাসী তৎপরতার প্রমাণ পাওয়া যায়নি। এটি মূলত টেলিযোগাযোগ ও বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার প্রযুক্তিগত বিপর্যয় বলে কর্মকর্তারা ব্যাখ্যা করেন। তবু নিরাপত্তার প্রশ্নে কোনো ঝুঁকি না নিয়ে উড্ডয়ন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
হাজার হাজার ফ্লাইটে বিপর্যয়
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার বিকেল প্রায় চারটার দিকে এই গ্রাউন্ড স্টপ কার্যকর হয়। প্রায় চার থেকে পাঁচ ঘণ্টা পর রাত ৮টা ১৯ মিনিটের দিকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার মানেই সব বিমান সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে চলাচল শুরু করতে পেরেছে, এমন নয়। বিমান, পাইলট, কেবিন ক্রু এবং বিমানবন্দরের ব্যবস্থাপনা নতুন করে সমন্বয় করতে হয়েছে। ফলে রাত পেরিয়েও অনেক যাত্রীর দুর্ভোগ অব্যাহত ছিল।
বিমান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর প্রাথমিক হিসাব অনুযায়ী, এই বিপর্যয়ে যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ১০ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছিল এবং চার হাজার সাত শতাধিক ফ্লাইট বাতিলের খবর পাওয়া যায়। ছয় শতাধিক বিমানকে মূল গন্তব্যে না গিয়ে অন্য বিমানবন্দরে অবতরণ করতে হয়েছিল অথবা যাত্রার বিমানবন্দরে ফিরতে হয়েছিল। বিভিন্ন সময়ে প্রকাশিত পরিসংখ্যানে সংখ্যার কিছু পার্থক্য রয়েছে। তবে কয়েক হাজার ফ্লাইট এবং বিপুলসংখ্যক যাত্রী যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাতে কোনো সন্দেহ নেই।
বিমান চলাচল বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়ামের তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল চারটার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দর থেকে প্রায় ১১ হাজার ফ্লাইট ছাড়ার কথা ছিল। এসব ফ্লাইটে যাত্রী ছিলেন ১৫ লাখেরও বেশি। অর্থাৎ সাময়িক এই বিপর্যয় শুধু কয়েকটি বিমানের সময়সূচি পরিবর্তনের ঘটনা ছিল না। দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান যোগাযোগের বিশাল একটি অংশ এর প্রভাবের মুখে পড়ে। বিমানবন্দরে অপেক্ষমাণ যাত্রীদের পাশাপাশি তাঁদের স্বজনদেরও উদ্বেগের মধ্যে থাকতে হয়েছে।
ফিলাডেলফিয়া আন্তর্জাতিক বিমানবন্দরও এই বিপর্যয়ের বাইরে ছিল না। সেখানকার স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে বিমানবন্দরের তিন শতাধিক ফ্লাইট বিলম্বিত হয়েছিল এবং অন্তত ২০টি ফ্লাইট বাতিল হয়েছিল। আমেরিকান এয়ারলাইন্স এই বিমানবন্দরের অন্যতম প্রধান বিমান সংস্থা। ফলে ইফাতের মতো বহু যাত্রীকে সেখানে অনিশ্চয়তার মধ্যে অপেক্ষা করতে হয়েছে। বিমানবন্দরে থাকা অনেক যাত্রীকে দীর্ঘ সময় বসে থাকতে হয়েছে, কেউ কেউ হোটেলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এই বিপর্যয়ের কারণে শুধু সাধারণ যাত্রীই নন, বিভিন্ন দেশের আন্তর্জাতিক যাত্রী, ব্যবসায়ী, শিক্ষার্থী, ক্রীড়াবিদ এবং পণ্য পরিবহনকারী প্রতিষ্ঠানও সমস্যায় পড়ে। ইউরোপের বিমান চলাচল কর্তৃপক্ষও এফএএর অনুরোধে যুক্তরাষ্ট্রগামী কিছু ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রেখেছিল। কানাডা ও মেক্সিকোর সঙ্গে বিমান যোগাযোগেও প্রভাব পড়ে। পণ্য পরিবহনকারী সংস্থাগুলোর কার্যক্রম ব্যাহত হওয়ায় ডাক ও বাণিজ্যিক পণ্য সরবরাহের ক্ষেত্রেও অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
প্রযুক্তির দুর্বলতা, মানুষের দুর্ভোগ
যুক্তরাষ্ট্রের মতো উন্নত প্রযুক্তিনির্ভর দেশে বিমান চলাচল নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ ব্যবস্থায় পুরোনো প্রযুক্তির ওপর নির্ভরতার বিষয়টি আমাকে ভাবিয়েছে। প্রতিদিন লাখ লাখ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে যে ব্যবস্থা কাজ করে, সেখানে যোগাযোগের সামান্য দুর্বলতাও কত বড় সংকট সৃষ্টি করতে পারে, এই ঘটনা তার প্রমাণ। আধুনিক বিমান, অত্যাধুনিক নেভিগেশন ব্যবস্থা এবং উন্নত বিমানবন্দর থাকলেই যথেষ্ট নয়। নিয়ন্ত্রণব্যবস্থার প্রতিটি স্তরকে নির্ভরযোগ্য ও আধুনিক হতে হয়।
এফএএর কর্মকর্তারা ব্যবস্থা পরীক্ষা করে স্থিতিশীলতা নিশ্চিত করার পরই উড্ডয়ন পুনরায় চালুর অনুমতি দিয়েছিলেন। কিন্তু একবারের বিপর্যয়ে যে সময়সূচি এলোমেলো হয়ে যায়, তা স্বাভাবিক করতে আরও সময় প্রয়োজন হয়। যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রীও জানিয়েছিলেন, সবকিছু আগের অবস্থায় ফিরতে সময় লাগবে। বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা, সংযোগকারী ফ্লাইট হারানো, হোটেলে রাত কাটানো এবং জরুরি কাজে পৌঁছাতে না পারার মতো সমস্যা তৈরি হয়েছিল।
আমার কাছে এই আন্তর্জাতিক বিপর্যয়ের পরিসংখ্যানের পাশাপাশি আরেকটি বিষয় অনেক বেশি অনুভব করার মতো। সেটি হলো দূরদেশে থাকা সন্তানের নিরাপত্তা নিয়ে বাংলাদেশে বসে মা-বাবার উদ্বেগ। একটি বিমান কখন ছাড়বে, কখন গন্তব্যে পৌঁছাবে, তা সাধারণত সময়সূচি দেখে বোঝা যায়। কিন্তু হঠাৎ এমন পরিস্থিতি তৈরি হলে হাজার হাজার মাইল দূরে থাকা স্বজনদের কাছে প্রতিটি মিনিট দীর্ঘ হয়ে ওঠে। তথ্যের অভাব ও অনিশ্চয়তা উদ্বেগকে আরও বাড়িয়ে দেয়।
আমার ছেলে শেষ পর্যন্ত নিরাপদে পৌঁছেছে। তার গবেষণার সম্মেলনে অংশগ্রহণের সুযোগও অক্ষুণ্ণ থাকুক, সেই কামনা করি। কিন্তু ১৩ নভেম্বরের এই ঘটনা আমাদের মনে করিয়ে দিল, বিমান চলাচলের নিরাপত্তা কেবল উড়োজাহাজের ওপর নির্ভর করে না। এর সঙ্গে জড়িয়ে আছে যোগাযোগব্যবস্থা, প্রযুক্তি, দক্ষ জনবল এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা। আর এর প্রতিটি ব্যর্থতার অভিঘাত গিয়ে পড়ে সাধারণ মানুষের জীবনে।
সেদিন রাতে আমি ও আমার স্ত্রী যে উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় পার করেছি, তা হয়তো কয়েকটি বাক্যে পুরোপুরি প্রকাশ করা সম্ভব নয়। তবে আমরা একা নই। পৃথিবীর বিভিন্ন প্রান্তে অসংখ্য মা-বাবা, স্বামী-স্ত্রী, সন্তান ও স্বজন একই রকম অপেক্ষার মধ্যে ছিলেন। কারও প্রিয়জন যাচ্ছিলেন সম্মেলনে, কারও কর্মস্থলে, কারও কাছে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে। সবার প্রত্যাশা ছিল একটাই, নিরাপদে গন্তব্যে পৌঁছানো।
লেখক: সিনিয়র সাংবাদিক ও শিশুসাহিত্যিক।
পাঠকের মতামত:
- ফরিদপুরে শিক্ষার্থী কৌশিক হত্যার বিচারের দাবিতে বাস মালিক-শ্রমিকদের মানববন্ধন
- রূপপুরের জরুরি প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা
- পাংশা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
- গোপালগঞ্জে ডিসি-এসপির পর তিন থানার ওসি বদলি
- প্রাইম ব্যাংকের সঙ্গে বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সমঝোতা স্মারক স্বাক্ষর
- মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা
- গোপালগঞ্জে চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
- ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য উচ্চশিক্ষায় বিশেষ সুবিধা
- পে স্কেলে বেতনের অঙ্ক বাড়ছে, মানুষের জীবন-সংসারের হিসাব মিলছে তো?
- কাত্যায়নী পূজায় বর্ণিল সাজে মাগুরা, সপ্তমীতে মানুষের ঢল
- ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
- তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ কনস্টেবলসহ আটক ২
- বিমান উড্ডয়নের মুহূর্তে উদ্বেগময় এক রাত
- শ্যামনগরে মানবপাচারে সহায়তাকারী ও চোরাকারবারি সন্দেহে আটক ২
- অপরিণত শিশুর জীবন সুরক্ষায় জরুরি সচেতনতা ও বিশেষ যত্ন
- টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও আওয়ামী লীগের কার্যালয়
- পাঁচ দফা দাবিতে জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি
- ‘ঢাকা বাঁচাও’ কেন্দ্রীয় কমিটিতে ৩ নতুন মুখ
- বিশ্বজুড়ে বাংলাদেশের কর্মীদের দক্ষতার জয়, এবার জাম্বিয়ায় ৯ সদস্যের দল
- ঈশ্বরদীতে রাতের আঁধারে অবৈধ মাটি কাটা, ভেকু ও ড্রাম ট্রাক জব্দ
- ২০ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘যাপিত জীবন’
- মজলুম জননেতা মওলানা ভাসানী: স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা থেকে গণতন্ত্র ও সুশাসনের প্রেরণা
- ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
- স্লিপার বাসের জন্য নীতিমালা করতে হাইকোর্টের রুল
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে আধুনিক প্রযুক্তি
- দুই কর্মকর্তার ছত্রছায়ায় দালালদের দৌরাত্ম, আশুলিয়া ভূমি অফিসে সেবাপ্রত্যাশীরা জিম্মি
- ঈদুল আজহার আনন্দ উপভোগ করুন অপো'র মেগা গিফটের সাথে
- শপথ নিলেন লক্ষ্মীপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মাসুম ভূঁইয়া
- ভৈরবে যুব উন্নয়ন দিবস পালিত
- মুকুটি আর কুকুটি
- সাভারে জাতীয় সমবায় দিবস পালিত
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
- ক্রেতার অধিকার
- ‘নির্বাচন অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো হবে’
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- ঝালকাঠিতে আমু-ওমরসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা
- ‘একটি দল প্রকাশ্যে নারীর নেতৃত্বে বিশ্বাস করে না’
- বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি
- মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা
- বিমান উড্ডয়নের মুহূর্তে উদ্বেগময় এক রাত
- অপরিণত শিশুর জীবন সুরক্ষায় জরুরি সচেতনতা ও বিশেষ যত্ন
- শহীদ রুমীর জন্মবার্ষিকী ও বীরত্বগাথা স্মরণ
- কলাপাড়ায় লবণ সহিষ্ণু জাতের গম উৎপাদনে গবেষণা শুরু
-1.gif)








