E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

লঞ্চ ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব

২০২১ নভেম্বর ০৫ ২৩:৫৬:২৩
লঞ্চ ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব

স্টাফ রিপোর্টার : জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চের ভাড়া দ্বিগুণ করার দাবি জানিয়েছে মালিক সমিতি। মালিকদের লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাছে একটি চিঠি পাঠানো হয়েছে।

শুক্রবার (৫ নভেম্বর) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থা থেকে বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যানের কাছে ভাড়া বৃদ্ধির প্রস্তাবের চিঠি পাঠানো হয়।

অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার মাহবুব উদ্দিন আহমদ (বীর বিক্রম) স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, যাত্রীবাহী লঞ্চের যাত্রীভাড়া বৃদ্ধির লক্ষ্যে সংস্থার পক্ষ হতে নৌপরিবহন মন্ত্রণালয় ও আপনার দপ্তরে বহুবার আবেদন করা হলেও ভাড়া বৃদ্ধির বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আগামী ৮ নভেম্বর ভাড়া নির্ধারণের প্রস্তাব প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটি একটি সভা আহ্বান করেন। কিন্তু গত ৩ নভেম্বর সরকার হঠাৎ করে জ্বালানি তেল তথা ডিজেলের মূল্য লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধির ঘোষণা দেন এবং ওই দিন রাত ১২টা থেকে কার্যকর করার নির্দেশনা দেয়া হয়।

‘এই পরিস্থিতিতে জাহাজ পরিচালনা ব্যয় বহুগুণ বেড়ে যায়। সংগত কারণে সারাদেশে লঞ্চ মালিকরা যাত্রী ভাড়া বৃদ্ধি করার জন্য সংস্থাকে অনুরোধ করেন। অন্যথায় জাহাজ পরিচালনায় অপারগতা প্রকাশ করেন।’

তেলের মূল্য বাড়ানোর পরিপ্রেক্ষিতে করণীয় সম্পর্কে শুক্রবার বিকেলে সারা দেশের লঞ্চ মালিকদের নিয়ে সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। চিঠিতে বলা হয়, ‘সভার এক পর্যায়ে ভাড়া বৃদ্ধি বিষয়ে আপনার সাথে মোবাইলে কথা হয়। আপনার প্রতিশ্রুতি অনুযায়ী আগামী কাল অর্থাৎ ৬ নভেম্বর দ্বি-প্রহরের মধ্যে ভাড়া বৃদ্ধির বিষয়ে আপনার সিদ্ধান্ত প্রদান করার প্রত্যয় মালিকদের জানানো হয়। আপনি একই টেলিফোনে আমাদের প্রস্তাব পাঠানোর জন্য আমাকে অনুরোধ করেন।’

জ্বালানি তেলের মূল্য লিটার প্রতি ১৫ টাকা এবং ইতিমধ্যে স্টিল ও অন্যান্য পণ্যের দাম দ্বিগুণের বেশি বেড়েছে, তাই ব্যবসায় টিকে থাকার লক্ষ্যে লঞ্চ ভাড়া ১০০ কি.মি. পর্যন্ত ১ টাকা ৭০ পয়সার পরিবর্তে ৩ টাকা ৪০ পয়সা এবং ১০০ কিলোমিটারের ঊর্ধ্বে ১ টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৮০ পয়সা নির্ধারণের জন্য অনুরোধ করা হলো।

(ওএস/এএস/নভেম্বর ০৫, ২০২১)

পাঠকের মতামত:

২৬ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test