E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বজ্রপাতে মৃত্যু কমাতে হাওড়ে হবে এক হাজার ছাউনি

২০২১ নভেম্বর ১৮ ২২:৩৫:৩৯
বজ্রপাতে মৃত্যু কমাতে হাওড়ে হবে এক হাজার ছাউনি

স্টাফ রিপোর্টার : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, বজ্রপাতে মৃত্যুর সংখ্যা কমিয়ে আনতে ‘লাইটার অ্যারেস্টার’ সংবলিত বজ্রপাত-নিরোধক কংক্রিটের ছাউনি (শেল্টার) নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। দেশের হাওড়াঞ্চলসহ বজ্রপাতপ্রবণ ২৩ জেলায় এসব ছাউনি নির্মাণ করা হবে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাজধানীর আইইবি ভবনে আয়োজিত ‘কজেজ অব লাইটনিং অ্যান্ড থান্ডার: সেফটি ইস্যুজ মিনিমাইজেশন অ্যান্ড ড্যামেজ' শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে হাওর এলাকায় এক কিলোমিটার পরপর এক হাজার বজ্রপাত-নিরোধক কংক্রিটের ছাউনি নির্মাণ করা হবে। এক কিলোমিটার অন্তর অন্তর নির্মাণ করা হবে একেকটি শেল্টার। যাতে মেঘের আওয়াজ পেলেই মাঠের কৃষকসহ মানুষজন সেখানে আশ্রয় নিতে পারেন।

প্রকল্প বাস্তবায়ন হলে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা কমে আসবে জানিয়ে তিনি বলেন, বজ্রপাত ঠেকানো সম্ভব নয়। তবে এতে মৃত্যুর হার কমিয়ে আনতে আমরা তিনটি বিষয়কে অগ্রাধিকার দিচ্ছি। এর একটি হলো আরলি ওয়ার্নিং সিস্টেম। অর্থাৎ বজ্রপাতের ৪০ মিনিট আগেই সংকেত দেবে সেই যন্ত্র। দ্বিতীয়ত বজ্রপাত-নিরোধক কংক্রিটের শেল্টার নির্মাণ এবং তৃতীয়ত জনসচেতনতা বাড়ানো।

ডা. মো. এনামুর রহমান আরও বলেন, বজ্রপাত-প্রবণ এলাকায় ‘আরলি ওয়ার্নিং সিস্টেম’মেশিন বসানো হবে। প্রাথমিকভাবে ৭২৩টি যন্ত্র বসানোর পরিকল্পনা রয়েছে। বজ্রপাতের ৪০ মিনিট আগেই সংকেত দেবে যন্ত্রটি। ফলে মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিতে পারবে। এতে মৃত্যুহার কমে যাবে বলে আমরা আশা করছি।

তিনি বলেন, আমরা শহরের জন্য এ উদ্যোগ নিচ্ছি না। যারা খোলা মাঠে কাজ করেন বা মাছ ধরেন, তারাই বজ্রপাতে বেশি মৃত্যুবরণ করেন। তাদের জন্যই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবির যন্ত্রকৌশল বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসির উদ্দিন। এতে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর, ইঞ্জিনিয়ার ইয়াসির আরাফাত, আইইবির যন্ত্রকৌশল বিভাগের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আহসান বিন বাসার প্রমুখ।

(ওএস/এএস/নভেম্বর ১৮, ২০২১)

পাঠকের মতামত:

২৪ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test