E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘আগামী দিনগুলোতেও জনগণকে পাশে থাকার অনুরোধ’

২০২২ জানুয়ারি ০৭ ২১:৫৬:০৮
‘আগামী দিনগুলোতেও জনগণকে পাশে থাকার অনুরোধ’

স্টাফ রিপোর্টার : নতুন প্রজন্মের জন্য সম্ভাবনাময় ভবিষ্যত বিনির্মাণে আগামী দিনগুলোতেও জনগণকে পাশে থাকার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় বর্তমান সরকারের তৃতীয় বর্ষপূতি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ আহ্বান অনুরোধ জানান তিনি।

টানা তিনবার ক্ষমতায় থাকায় দেশের উন্নয়ন করতে সক্ষম হয়েছেন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এটা (উন্নয়ন) সম্ভব হয়েছে আমাদের ওপর আস্থা রাখার ফলে। পর পর তিনবার রাষ্ট্র পরিচালনার সুযোগ দিয়ে আপনারা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়তা করেছেন। ’

তিনি বলেন, ‘এ ধারাবাহিকতা অব্যাহত রেখে আমরা একটি কল্যাণকামী, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি, যাতে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশগুলোর কাতারে সামিল হতে পারে। এজন্য অতীতে যেমন আপনারা আমাদের সঙ্গে ছিলেন, ভবিষ্যতে আমাদের সঙ্গে থাকবেন, এ আশাবাদ ব্যক্ত করছি। ’

নতুন প্রজন্মের জন্য সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ সরকার কাজ করছে জানিয়ে টানা তিনবারের সরকার প্রধান বলেন, ‘আমাদের বর্তমান এবং আগামি দিনের সকল কার্যক্রমের লক্ষ্য হচ্ছে নতুন প্রজন্মের জন্য একটি সম্ভাবনাময় ভবিষ্যত বিনির্মাণ। আমার দৃঢ় বিশ্বাস আমাদের প্রজন্মের পর প্রজন্ম এগিয়ে যাবে মাথা উঁচু করে ভবিষ্যতের পানে। ’

১৩ বছরে কী করেছি, মূল্যায়ন করুন
জনগণের কাছে করা ওয়াদা সফলভাবে বাস্তবায়নের দাবি করে টানা তিনবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জনগণের সরকার হিসেবে মানুষের জীবনমান উন্নয়ন করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য বলেই আমি মনে করি। গত ১৩ বছরে আমরা আপনাদের জন্য কী কী করেছি, তা আপনারাই মূল্যায়ন করবেন। আমি দৃঢ়ভাবে বলতে পারি, আমরা যেসব ওয়াদা দিয়েছিলাম, আমরা তা সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছি। ’

গত ১৩ বছরে বিদ্যুৎ, গ্যাস, যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা, প্রযুক্তি, খাদ্য উৎপাদন, শিক্ষা-স্বাস্থ্যসহ কয়েকটি সেক্টরে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরেন শেখ হাসিনা।

দল যাই হোক দুর্নীতিবাজদের ছাড় নেই
দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি। দুর্নীতিবাজ যে দলেরই হোক আর যত শক্তিশালীই হোক, তাদের ছাড় দেওয়া হচ্ছে না এবং হবে না। এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করছে। তবে এই ব্যাধি দূর করতে সামাজিক সচেতনতা তৈরি করা প্রয়োজন। ’

দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে
বাংলাদেশের অগ্রযাত্রা রুখে দিতে দেশ-বিদেশে নানা ধরনের ষড়যন্ত্র চলছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়ক বেয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এটা অনেকেরই সহ্য হবে না বা হচ্ছে না। দেশ-বিদেশে বসে বাংলাদেশবিরোধী শক্তি, স্বাধীনতাবিরোধী শক্তি তাই নানা ষড়যন্ত্র করছে এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য। ’

একটি মহল ‘মিথ্যা ও কাল্পনিক তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টার পাশাপাশি বিদেশী উন্নয়ন সহযোগীদের ভুল বোঝানোর চেষ্টা করছে’ বলে জানান সরকার প্রধান।

জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘কেউ যাতে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সেদিকে আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের উন্নয়ন অগ্রযাত্রাকে কোনোভাবেই ব্যাহত হতে দেওয়া যাবে না। জনগণই ক্ষমতার উৎস। আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাস করি। তাই জনগণের সঙ্গেই আমাদের অবস্থান। ’

সবাইকে দ্রুত টিকা নেওয়ার পরামর্শ
বিশ্বে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ার কথা উল্লেখ করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং দ্রুত টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা ভাইরাস মহামারির কারণে এক গভীর সঙ্কটের মধ্য দিয়ে আমাদের বিগত ২০২০ এবং ২০২১ সাল অতিক্রম করতে হয়েছে। সেই সঙ্কট এখনো কাটেনি। এর মধ্যেই আবার বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ছে। ’

তিনি বলেন, ‘আমাদের এখনই সাবধান হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যারা টিকা নেননি তাদের দ্রুত টিকা নেওয়ার অনুরোধ জানাই। ’

বর্তমানে সরকারের হাতে সাড়ে ৯ কোটিরও বেশি ডোজ টিকা মজুদ আছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন পূর্ণোদ্যমে কোভিড-১৯ টিকাকরণের কাজ চলছে। চলতি মাস থেকে গণটিকা প্রদানের মাধ্যমে প্রতিমাসে ১ কোটি মানুষকে টিকার আওতায় আনার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ’

২০১৮ সালের ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। ২০১৯ সালের ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভা গঠন করে দলটি।

১৯৭৫ সালের ১৫ আগস্টের পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় আসে দলটি। সে সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন শেখ হাসিনা।

পরবর্তীকালে ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে আবারও ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এরপর থেকে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আছে দলটি এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা।

স্বাধীনতার পর থেকে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় আছে আওয়ামী লীগ।

(ওএস/এএস/জানুয়ারি ০৭, ২০২২)

পাঠকের মতামত:

২৪ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test