E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

২০২৪ জানুয়ারি ১৩ ১২:৪৫:১৪
জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি : পঞ্চম বার প্রধানমন্ত্রী হয়ে প্রথম সরকারি সফরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন।

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১১ টা ৫৫ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। পরে প্রধানমন্ত্রী বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির এই শ্রেষ্ঠ সন্তানের প্রতি সম্মান প্রদর্শন করেন।

দুপুর ১২ টায় ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে পবিত্র ফাতেহা পাঠ করে তিনি বঙ্গবন্ধু, বঙ্গমাতা, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেলসহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন।

দুপুর ১২ টা ২ মিনিটে নবগঠিত মন্ত্রী পরিষদের সদস্যদের সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ।

দুপুর ১২ টা ৫ মিনিটে বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সের রক্ষিত পরিদর্শন বইতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এরপর টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

প্রথম সরকারি সফরে আজ শনিবার বেলা ১১টা ৪৫ মিনিটে টুঙ্গিপাড়া এসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়া পৌঁছালে নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান। নেতাকর্মীরা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ মুখরিত করে তোলেন। হাস্যজ্জল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় হাত নেড়ে নেতাকর্মীদের স্বাগত জানানোর জবাব দেন।

এর আগে ঢাকা গণভবন থেকে সড়ক পথে পদ্মা সেতু হয়ে দু'দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন বিকাল ৩ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন বলে কর্মসূচি রয়েছে। শনিবার তিনি টুঙ্গিপাড়ার নিজ বাসভবনে রাত কাটাবেন। রোববার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ নির্বাচনী এলাকার কোটালীপাড়া যাবেন। কোটালীপাড়া উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি প্রধান অতিথির বক্তব্য দেবেন বলে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে । রবিবার বিকেলে প্রধানমন্ত্রীর ঢাকা ফিরে যাওয়ার কর্মসূচি রয়েছে।

(এমএস/এএস/জানুয়ারি ১৩, ২০২৪)

পাঠকের মতামত:

২৪ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test