E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যবস্থা নিন, মন্ত্রীদের প্রধানমন্ত্রী

২০২৪ জানুয়ারি ১৩ ১৭:৩৮:২৭
রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যবস্থা নিন, মন্ত্রীদের প্রধানমন্ত্রী

গোপালগঞ্জ প্রতিনিধি : রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নবনিযুক্ত মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, পবিত্র রমজান ঘনিয়ে আসছে, মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিন। এই মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো উচিত নয়।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে নবনিযুক্ত মন্ত্রীদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর নিজ বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যা্লয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, এটি একটি অনানুষ্ঠানিক মন্ত্রিসভার বৈঠক ছিল। আগামী সোমবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে নতুন সরকারের প্রথম মন্ত্রিপরিষদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

দু’ দিনের সফরে নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৩ জানুয়ারি) সকালে সেখানে পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। পরে নিজ বাড়িতেই মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেন সরকারপ্রধান।

এর আগে শনিবার সকাল ৯টার দিকে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দিয়ে বেলা পৌনে ১২ টায় টুঙ্গিপাড়া পৌঁছান শেখ হাসিনা। এদিন রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ বাড়িতেই থাকবেন। রবিবার দুপুরে নিজ নির্বাচনী এলাকার কোটালীপাড়া যাবেন আওয়ামী লীগ সভানেত্রী। সেখানে উপজেলা পরিষদ মাঠে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

শেখ হাসিনার আগমনকে ঘিরে ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো গোপালগঞ্জ জেলা। কোটালীপাড়া উপজেলার নেতাকর্মীরা অধীর আগ্রহে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতে মুখিয়ে আছেন।

(টিবি/এসপি/জানুয়ারি ১৩, ২০২৪)

পাঠকের মতামত:

২৪ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test