E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘শান্তি-সম্প্রীতির বন্ধন অটুট রাখতে কাজ করব’

২০২৬ ফেব্রুয়ারি ২২ ২৩:৫০:৪২
‘শান্তি-সম্প্রীতির বন্ধন অটুট রাখতে কাজ করব’

স্টাফ রিপোর্টার : দেশের সর্বশেষ আসন (৩০০ নম্বর নির্বাচনী এলাকা- বান্দরবান পার্বত্য জেলা) থেকে বিএনপি মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেছেন, পার্বত্য জেলায় বসবাসরত সকল জাতিগোষ্ঠীর শান্তি ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে আমি নিরলস কাজ করব। সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়ন এবং অধিকার নিশ্চিত করে বান্দরবানকে একটি সমৃদ্ধ জেলা হিসেবে এগিয়ে নেওয়া হবে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বান্দরবানের রাজার মাঠে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে শপথ গ্রহণের পর বান্দরবানবাসীর পক্ষ থেকে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।

সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন, পার্বত্য এলাকার দীর্ঘদিনের প্রধান সমস্যা হলো সুপেয় পানির সংকট। এই সমস্যা সমাধানে আমি সর্বোচ্চ গুরুত্ব দেব। পাশাপাশি পিছিয়ে পড়া দুর্গম এলাকাগুলোতে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করা হবে।

তিনি আরও যোগ করেন, দলীয় নেতৃবৃন্দের পরামর্শ ও সিদ্ধান্ত অনুযায়ী সকল জনকল্যাণমূলক কাজ সম্পন্ন করা হবে এবং সবার জন্য সমান মর্যাদা নিশ্চিত করা হবে।
বান্দরবানকে নতুনভাবে সাজাতে আমি সবার ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করছি।

বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ওসমান গণির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশীদ, বিএনপি নেতা আবদুল মাবুদ, মশিউর রহমান মিটন ও সাচপ্রু, মো. জাহাঙ্গীর আলমসহ জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে দুপুরে সড়কপথে ঢাকা থেকে বান্দরবান প্রবেশ করলে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ২২, ২০২৬)















পাঠকের মতামত:

২৩ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test