E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘মশার কামড় কিছুটা হলেও কমেছে’

২০২৬ এপ্রিল ১৪ ১৩:৩৪:৩১
‘মশার কামড় কিছুটা হলেও কমেছে’

স্টাফ রিপোর্টার : ‘মশার কামড় কিছুটা হলেও কমেছে’ উল্লেখ করে ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে অগ্রগতির কথা তুলে ধরেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, নগরীতে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার ফলে মশার প্রকোপ আগের তুলনায় কিছুটা কমেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) পুরান ঢাকার আহসান মঞ্জিল প্রাঙ্গণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত বাংলা বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবদুস সালাম বলেন, ‘সামনে বৃষ্টি-বাদল আসতেছে, ডেঙ্গুর কী অবস্থা হবে, চিকনগুনিয়ার কী অবস্থা হবে, এই কথা আল্লাহই জানেন। আমরা এখন থেকে যদি চেষ্টা করি যে শহরটাকে পরিচ্ছন্ন রাখার এবং আমরা যে কমিটমেন্ট আপনাদের সঙ্গে নিয়ে করেছি, যে ঢাকা শহরটাকে আমরা পরিচ্ছন্ন রাখবো, আমরা আলোকিত করবো। অন্তত এই দুইটা, আরেকটা মশা মারবো। এই কয়েকটা কাজ আমরা করবোই। করতেই হবে আমাদের।’

ডিএসসিসি প্রশাসক বলেন, ‘এই ব্যাপারে কোনো সরি নাই, কোনো মার্সি নাই, কাজেই এই ব্যাপারটা আমাদের করতে হবে জনগণকে খেদমত দেওয়ার জন্য। এটা আমাদের বড় কাজ। এখানে আপনারা যারা এটার সঙ্গে জড়িত আছেন তাদের বলবো যে আমাদের আরেকটু সিরিয়াস হইতে হবে।’

সিটি করপোরেশনের কাজের প্রকৃতি ২৪ ঘণ্টার সার্ভিসভিত্তিক হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের অনেক সময় শুক্র ও শনিবারও অফিস করতে হচ্ছে। তিনি বলেন, সরকারের কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়ন এবং জনসেবার চাপের কারণেই অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে।

আবদুস সালাম আরও বলেন, ‘নতুন সরকার এসেছে, বহুদিন পর একটি নির্বাচিত সরকার এসেছে। নির্বাচিত সরকারের প্রধান তারেক রহমানকে আমরা দেখছি, তার স্পিরিটের কারণে আমরা অনেকেই দ্রুত কাজ করতে বাধ্য হচ্ছি। তাই শুক্র ও শনিবারও অফিস করতে হচ্ছে।’

প্রশাসক বলেন, ‘এটা নিয়ে কি আমরা খারাপ মনে করি? একটু ছুটি কমে গেছে, কিন্তু কাজ তো করতেই হবে। জনগণের সেবার জন্য সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।’

তিনি উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে আরও বলেন, সিটি করপোরেশনের কাজ সাধারণ প্রশাসনিক কাঠামোর মতো নয়; এখানে মাঠপর্যায়ে সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করতে হয়। জনগণের সেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য হওয়ায় অনেক সময় সরকারি ছুটির দিনেও কার্যক্রম চালু রাখতে হয়।

নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, পুরোনো বছরের ভুলত্রুটি ভুলে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে। ঢাকা শহরকে পরিচ্ছন্ন, আলোকিত ও মশামুক্ত নগরীতে রূপান্তরের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এছাড়া আসন্ন ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর জোর দিয়ে তিনি বলেন, নগর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও শক্তিশালী করা হবে। কেন্দ্রীয় নির্দেশনার আলোকে ‘ক্লিন সিটি’ কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

দিনব্যাপী বর্ষবরণ ও সাংস্কৃতিক উৎসবে নানা আয়োজন রেখেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

(ওএস/এএস/এপ্রিল ১৪, ২০২৬)
















পাঠকের মতামত:

১৪ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test