E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

২০২৬ মে ২৫ ০০:১৫:১৭
কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার : পশ্চিম এশিয়ার চলমান আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভ্রাতৃপ্রতিম দেশ কুয়েতের প্রতি সংহতি ও বন্ধুত্বের নিদর্শন হিসেবে খাদ্যসামগ্রীর একটি শুভেচ্ছা উপহার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে বাংলাদেশ সরকার।

রবিবার (২৪ মে) বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ২৪০ টন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য কয়েকটি ধাপে বিমানযোগে আগামী ২৫ মে থেকে কুয়েতে পৌঁছাবে।

হরমুজ প্রণালির দীর্ঘস্থায়ী বন্ধ এবং এর ফলে কুয়েতের সরবরাহ ব্যবস্থার ওপর সৃষ্ট চাপ মোকাবিলায় দেশটির কৌশলগত খাদ্য মজুত ও জরুরি প্রয়োজন পূরণে এ সহায়তা ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এ উপলক্ষে শনিবার (২৩ মে) কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমাদ আল-সাবাহ’র কাছে প্রতীকীভাবে খাদ্যসামগ্রীর চালান হস্তান্তর করেন। বর্তমানে তিনি সরকারি সফরে কুয়েতে অবস্থান করছেন।

অনুষ্ঠানে হুমায়ুন কবির বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ’র উদ্দেশে পাঠানো একটি চিঠিও আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

চিঠিতে কুয়েতের জনগণের শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনা করা হয় এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

বাংলাদেশের উচ্চপর্যায়ের তিন সদস্যের প্রতিনিধি দলে আরও ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক। কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হুসাইনও প্রতিনিধি দলের বিভিন্ন বৈঠক ও হস্তান্তর অনুষ্ঠানে অংশ নেন।

দুপক্ষের আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি, মানবিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে। বাংলাদেশ ও কুয়েতের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের প্রতি সন্তোষ প্রকাশ করে উভয় দেশ বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি, খাদ্য নিরাপত্তা, বেসামরিক বিমান চলাচলসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কুয়েতে এই খাদ্য সহায়তা পাঠানো দুই দেশের গভীর ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন এবং আঞ্চলিক অনিশ্চয়তার সময়ে বন্ধুপ্রতিম দেশগুলোর পাশে থাকার বাংলাদেশের অঙ্গীকারের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করা হয়।

উভয়পক্ষ পারস্পরিক শ্রদ্ধা, আস্থা, বন্ধুত্ব ও বহুমাত্রিক সহযোগিতার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে।

(ওএস/এএস/মে ২৫, ২০২৬)

পাঠকের মতামত:

২৫ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test