E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

এভারেস্ট বিজয়ী বাংলাদেশি নিম্নির পতাকা প্রত্যার্পণ

২০২৬ জুন ১২ ১৪:১৩:১৭
এভারেস্ট বিজয়ী বাংলাদেশি নিম্নির পতাকা প্রত্যার্পণ

স্টাফ রিপোর্টার : বাংলাদেশি নারী পর্বতারোহী নুরুননাহার নিম্নির এভারেস্ট জয় উপলক্ষে পতাকা প্রত্যার্পণ ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১২ জুন সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশে নেপালি দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ললিতা সিলওয়াল এবং নারী অধিকার কর্মী শিরীন পারভিন হক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পূবালী ব্যাংক পিএলসির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ফারজিন আহমেদ বিশেষ অতিথি ছিলেন।

এভারেস্ট বিজয়ী এমএ মুহিত সাংবাদিক সম্মেলন পরিচালনা করেন। পর্বতারোহী নুরুননাহার নিম্নি এভারেস্ট শিখরে উন্নীত জাতীয় পতাকা প্রত্যার্পণ করেন এবং অভিযানের স্লাইড প্রদর্শন করেন।

পর্বতারোহী নিম্নি ১১ এপ্রিল নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে ১৪ এপ্রিল নেপালের লুকলা থেকে ট্রেকিং শুরু করেন এবং প্রায় ৭৫ কিলোমিটার হেঁটে ২২ এপ্রিল বেস ক্যাম্পে (১৭,৬০০ ফুট) পৌঁছান। ওপরের ক্যাম্পগুলোতে রুট ওপেন হয়নি বলে তিনি উচ্চতার সাথে মানিয়ে নেওয়ার জন্য অভিযানের অংশ হিসেবে ১ মে লবুজে ইস্ট (২০,০৭৫ ফুট) আরোহণ করেন।

তিনি ৬ মে ভয়ংকর খুম্বু আইসফল অতিক্রম করে ক্যাম্প-১ (১৯,৬০০ ফুট), ৭ মে ক্যাম্প-২ (২১,০০০ ফুট) পৌঁছান এবং ৯ মে আবার বেস ক্যাম্পে নেমে আসেন। নিম্নি ১৭ মে চূড়ান্ত আরোহণের জন্য বেস ক্যাম্প ছাড়েন এবং ক্যাম্প-১ ও ২ অতিক্রম করে ২১ মে ক্যাম্প-৩ (২৩,৯৫০ ফুট) পৌঁছান।

২২ মে ক্যাম্প-৪-এর উদ্দেশ্যে যাত্রা করেও বিরূপ আবহাওয়ার কারণে ক্যাম্প-২-এ নেমে আসতে বাধ্য হন। ২৫ মে ক্যাম্প-২ থেকে আবার চূড়ান্ত আরোহণ শুরু করে ক্যাম্প-৩ এবং ২৯ মে ক্যাম্প-৪ (২৫,৯০০ ফুট) পৌঁছান।

সেদিন সন্ধ্যা সাড়ে ৬টায় নুরুননাহার নিম্নি গাইড দাওয়া শেরপা ও লাকপা শেরপাকে সাথে নিয়ে চূড়ার উদ্দেশ্যে আরোহণ শুরু করেন এবং বিপজ্জনক হিলারি স্টেপ পার হয়ে ২৭ মে নেপাল সময় ভোর ৫টা ২৪ মিনিটে এভারেস্ট শীর্ষে আরোহণ করেন।

তিনি ইতোপূর্বে ভারতে মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ নিয়েছেন এবং একটি করে ৬ হাজার ও ৭ হাজার মিটার পর্বত আরোহণ করেছেন। এভারেস্ট অভিযানটি পরিকল্পনা করেছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব এবং স্পন্সর করেছে পূবালী ব্যাংক পিএলসি।

(ওএস/এএস/জুন ১২, ২০২৬)



পাঠকের মতামত:

১২ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test