E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’

২০২৬ জুন ২০ ১৪:৪১:৫১
‘মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’

স্টাফ রিপোর্টার : রাজধানীর মোহাম্মদপুর এলাকার অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত মোহাম্মদপুরকে নিয়ন্ত্রণে আনা হবে এবং সেখানকার অপরাধীদের নির্মূল করা হবে।

শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখা পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোহাম্মদপুর বহু বছর ধরেই অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত।

সরকার এলাকাটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিচ্ছে।

বর্তমান সরকারের কার্যক্রমের গতি আগের যেকোনো সরকারের তুলনায় বেশি উল্লেখ করে তিনি বলেন, এর সুফল ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে এবং জনগণ তা দেখতে পাচ্ছে।

দুবাইতে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিষয়ে মন্ত্রী বলেন, ইন্টারপোলের মাধ্যমে উদ্যোগ নেওয়ার ফলেই তাকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলার প্রয়োজনীয় নথিপত্র সংশ্লিষ্ট দেশে পাঠানো হয়েছে।

প্রক্রিয়া সম্পন্ন হলে দেশটির সরকার তাকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পুলিশ বাহিনী সম্পর্কে মানুষের মধ্যে যে নিষ্ক্রিয়তার ধারণা তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ সদস্যরা অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন। তাদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবেই পুরস্কৃত করা হচ্ছে।

আওয়ামী লীগ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি দলটিকে রাজনৈতিক দল হিসেবে দেখেন না, বরং ‘মাফিয়া দল’ হিসেবে বিবেচনা করেন।

তিনি দাবি করেন, দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে। আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে যেকোনো ধরনের কর্মসূচি বা তৎপরতার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

(ওএস/এএস/জুন ২০, ২০২৬)



পাঠকের মতামত:

২০ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test