E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর’

২০২৬ জুন ২০ ১৫:০৭:৪৫
‘একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর’

স্টাফ রিপোর্টার : রাজধানীতে জলাবদ্ধতা নিরসন, মশক নিয়ন্ত্রণ এবং নগরবাসীর দুর্ভোগ কমাতে খাল, নর্দমা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কাজ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

ভবিষ্যতে যাতে একই রাস্তা বারবার খনন করতে না হয় এবং উন্নয়ন কার্যক্রম সমন্বিতভাবে সম্পন্ন করা যায়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

শনিবার (২০ জুন) দুপুরে রাজধানীর মিরপুর মুসলিম বাজার খাল পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা সাংবাদিকদের বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম খাল পরিষ্কারের কাজ শুরুর আগের অবস্থা এবং বর্তমানে কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন।

নিয়মিতভাবে এসব কার্যক্রম তদারকি করা হচ্ছে। নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে সিটি করপোরেশন খাল, নর্দমা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করছে।

তিনি জানান, গত ৫ আগস্টের পর থেকে মিরপুর মুসলিম বাজার খাল থেকে এখন পর্যন্ত ৪১৬ ট্রাক স্লাজ ও বর্জ্য অপসারণ করা হয়েছে। এ কার্যক্রম চলমান রয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য খালেও একই ধরনের পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

শফিকুল ইসলাম খান বলেন, দীর্ঘ প্রায় ১৯ বছরে এ ধরনের বৃহৎ পরিসরে খাল থেকে স্লাজ অপসারণের উদ্যোগ নেওয়া হয়নি। খালগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে এনে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে ডিএনসিসি, যাতে জলাবদ্ধতা সৃষ্টি না হয়।

তিনি আরও বলেন, যেসব এলাকায় পানি জমে থাকার প্রবণতা বেশি এবং হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে, সেসব স্থানের সমস্যা সমাধানে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

ডিএনসিসি প্রশাসক জানান, এ বিষয়ে ওয়াসা, তিতাস গ্যাস, রাজউকসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে একাধিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। কোনো বড় মেরামত, অবকাঠামো উন্নয়ন বা রাস্তা সংস্কারকাজ শুরুর আগে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করেই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, ভবিষ্যতে যাতে একই রাস্তা বারবার খনন করতে না হয় এবং উন্নয়ন কাজগুলো সমন্বিতভাবে সম্পন্ন করা যায়, সে লক্ষ্যেই আমরা কাজ করছি। নগরবাসীর দুর্ভোগ কমিয়ে একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য ও জলাবদ্ধতামুক্ত নগর গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
(ওএস/এএস/জুন ২০, ২০২৬)

পাঠকের মতামত:

২০ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test