E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘বাংলাদেশকে এভিয়েশন হাব গড়তে মাস্টার প্ল্যান জরুরি’

২০২৬ জুন ২১ ১৫:০৬:২২
‘বাংলাদেশকে এভিয়েশন হাব গড়তে মাস্টার প্ল্যান জরুরি’

স্টাফ রিপোর্টার : বাংলাদেশকে ভবিষ্যতে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে একটি সমন্বিত ও দূরদর্শী এভিয়েশন মহাপরিকল্পনা (মাস্টার প্ল্যান) প্রণয়ন অপরিহার্য বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

রবিবার (২১ জুন) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) উদ্যোগে আয়োজিত ‘সিভিল এভিয়েশন মাস্টার প্ল্যানিং ওভারভিউ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিমান পরিবহন এখন আর শুধু যাত্রী ও পণ্য পরিবহনের মাধ্যম নয়; এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ, পর্যটন বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তি। তাই দেশের বিমান চলাচল খাত ভবিষ্যতে কোথায় অবস্থান করবে, সেই রূপরেখা এভিয়েশন মহাপরিকল্পনায় সুস্পষ্টভাবে প্রতিফলিত হতে হবে।

তিনি আরও বলেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক বাস্তবতায় একটি আধুনিক, দক্ষ ও টেকসই বিমান পরিবহন ব্যবস্থা জাতীয় উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। এ লক্ষ্যেই দীর্ঘমেয়াদি, সমন্বিত ও আন্তর্জাতিক মানসম্পন্ন পরিকল্পনা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের বিমান পরিবহন খাতের উন্নয়নে সরকার ইতোমধ্যে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করেছে। চলতি বছরের শেষ নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালুর লক্ষ্যে কাজ চলছে।

তিনি জানান, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে পরিচালনার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের চারটি অভ্যন্তরীণ বিমানবন্দরকে আধুনিক ও পূর্ণাঙ্গভাবে কার্যকর করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

প্রতিমন্ত্রী দেশের এভিয়েশন খাতের উন্নয়নের পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং কর্মশালার আয়োজনের জন্য বেবিচক-সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, এনডিসি।

সভাপতির বক্তব্যে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, দেশের বিমান চলাচল খাতের ভবিষ্যৎ চাহিদা, অবকাঠামো সম্প্রসারণ, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি সমন্বিত মাস্টার প্ল্যান প্রণয়নে এ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মশালায় দেশের বেসামরিক বিমান চলাচল খাতের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা, বিমানবন্দর অবকাঠামোর সম্প্রসারণ, যাত্রীসেবা বৃদ্ধি এবং ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

(ওএস/এএস/জুন ২১, ২০২৬)



পাঠকের মতামত:

২১ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test