E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড

২০২৬ সেপ্টেম্বর ৩০ ১৮:৪২:৪১
বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড

স্টাফ রিপোর্টার : তিন দিনের সফরে বাংলাদেশে পৌঁছেছেন ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড। আগামী ১ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে থাকবেন তিনি। শিক্ষা, ইংরেজি ভাষা, শিল্প ও সংস্কৃতি এবং তরুণদের জন্য নতুন সুযোগ তৈরির মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দীর্ঘদিনের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া এ সফরের লক্ষ্য।

সফরে ঢাকা ও রাজশাহীতে সরকারের প্রতিনিধি, শিক্ষাবিদ, শিক্ষক, শিক্ষার্থী, তরুণ সম্প্রদায় ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন স্কট। পাশাপাশি ব্রিটিশ কাউন্সিলের বিভিন্ন পার্টনারশীপ প্রকল্পের কাজ ও এর প্রভাব সম্পর্কে সরাসরি ধারণা নেবেন তিনি।

শিক্ষা খাতের সংস্কার ও স্কুলব্যবস্থার উন্নয়ন, উচ্চশিক্ষা, ইংরেজি ভাষা শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় এবং তরুণদের সম্পৃক্ততার ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার অংশীদারিত্ব আরও বাড়ানোর বিভিন্ন দিক এ সফরে উঠে আসবে।

সফরের প্রথম দিনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে দেখা করেন স্কট। বৈঠকে বাংলাদেশের শিক্ষা খাতের অগ্রাধিকার এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এরপর দেশের অন্যতম বড় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম ও ব্রিটিশ কাউন্সিলের অংশীদার টেন মিনিট স্কুলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে ইংরেজি ভাষা শেখা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত মূল্যায়ন পদ্ধতিতে অংশ নেওয়ার সুযোগ বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়।

পরে যুক্তরাজ্যে পড়াশোনা করা সাবেক শিক্ষার্থীদের সঙ্গে মিলিত হন স্কট। এ সময় ‘কানেক্টিং পিপল, শেয়ারিং ইমপ্যাক্ট: ব্রিটিশ কাউন্সিল গ্র্যান্টি অ্যান্ড ইউকে অ্যালামনাই শোকেস’ শীর্ষক আয়োজনে অংশ নেন তিনি। এতে যুক্তরাজ্যের সাবেক শিক্ষার্থী ও ব্রিটিশ কাউন্সিলের অনুদান পাওয়া ব্যক্তিরা তাঁদের কাজ ও অভিজ্ঞতা তুলে ধরেন। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে যোগাযোগ ও জ্ঞান বিনিময়ে তাঁদের কাজ কীভাবে ভূমিকা রাখছে, তা নিয়ে আলোকপাত করেন তাঁরা।

সফর প্রসঙ্গে স্কট ম্যাকডোনাল্ড বলেন, “বাংলাদেশে ১৯৫১ সাল থেকে কাজ করছে ব্রিটিশ কাউন্সিল। শিক্ষা, সংস্কৃতি এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের মানুষের পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি হয়েছে। এসব সম্পর্কের ধরণ কাছ থেকে দেখতে পেরে আমি আনন্দিত। একই সঙ্গে যাঁরা এই সম্পর্ককে এগিয়ে নিচ্ছেন, সেই অংশীদার, শিক্ষক, শিক্ষার্থী, তরুণ ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের কাছ থেকে সরাসরি তাঁদের অভিজ্ঞতা শুনতেও ভালো লাগছে।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ অনেক সম্ভাবনাময় একটি দেশ, আর এখানকার তরুণেরাও বেশ উদ্যমী। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের অংশীদারিত্বকে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে কাজ করতে আমি আগ্রহী। দুই দেশের অভিজ্ঞতা ও ভাবনাগুলো একসঙ্গে কাজে লাগিয়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মানুষের শেখা ও একসঙ্গে কাজ করার আরও সুযোগ তৈরি করতে চাই।’
সফরের অংশ হিসেবে রাজশাহীতেও যাবেন স্কট ম্যাকডোনাল্ড। সেখানে ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় পরিচালিত বিভিন্ন কর্মসূচির সঙ্গে যুক্ত শিক্ষক, শিক্ষার্থী, তরুণ, শিক্ষা খাতের নেতৃত্বস্থানীয় ব্যক্তি ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন তিনি।

রাজশাহীর হেলেনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে দেখা করবেন স্কট। এ সফর উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিলের ‘ইংলিশ টিচার্স নিডস ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যানালাইসিস’ প্রতিবেদনটি প্রকাশ ও হস্তান্তর করা হবে।

বাংলাদেশের ৬৪১ জন শিক্ষকের সাক্ষাৎকার এবং ৩২টি শ্রেণিকক্ষ পর্যবেক্ষণের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে শিক্ষকদের পেশাগত শিক্ষার প্রয়োজনীয়তা এবং শিক্ষকদের দক্ষতা এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। এ সফরের অন্যতম অনুষঙ্গ বাংলাদেশের প্রাথমিক শিক্ষা খাতে ব্রিটিশ কাউন্সিলের চলমান বিভিন্ন উদ্যোগ। এর মধ্যে রয়েছে প্রায় ১৭০০ জন মাস্টার ট্রেইনারের দক্ষতা বাড়াতে নেওয়া বিভিন্ন কর্মসূচি।

রাজশাহীতে স্কট প্রজেক্ট হেডওয়ের নেতৃত্বের সঙ্গেও বৈঠক করবেন। দীর্ঘদিনের অংশীদারিত্বের পাশাপাশি আইইএলটিএস, ব্রিটিশ কারিকুলামভিত্তিক শিক্ষা ও ইংরেজি ভাষার মূল্যায়নে সহযোগিতার পরিসর বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে সেখানে আলোচনা হবে।

এরপর বাংলাদেশের সবচেয়ে পুরোনো জাদুঘর বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করবেন স্কট। সেখানে ডারহাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কালচারাল প্রোটেকশন ফান্ডের যৌথ উদ্যোগে ঐতিহ্য সংরক্ষণ, পেশাগত দক্ষতা উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর কার্যক্রম ঘুরে দেখবেন তিনি।

এ ছাড়া ‘ইয়ুথ কানেক্ট: ডিজিটাল সিটিজেনশিপ অ্যান্ড মিসইনফরমেশন রেজিলিয়েন্স’ প্রকল্পের সঙ্গে যুক্ত তরুণদের সঙ্গেও দেখা করবেন স্কট। এ প্রকল্পের আওতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১২০ জন তরুণকে ডিজিটাল নাগরিকত্ব এবং ভুল ও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত ও মোকাবিলার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বিভিন্ন উদ্যোগের মাধ্যমে নিজেদের কমিউনিটিতেও কাজে লাগিয়েছেন অংশগ্রহনকারীরা।

রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে ‘তবুও জেগে উঠি’ (স্টিল আই রাইজ) নাটকের পরিবেশনাও দেখবেন স্কট। নাটকটি পরিবেশন করবে স্পর্ধা ইন্ডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভ। ব্রিটিশ কাউন্সিলের উইমেন অব দ্য ওয়ার্ল্ড গ্র্যান্টস প্রোগ্রামের সহায়তায় এ আয়োজন করা হচ্ছে।

ঢাকায় ফিরে উচ্চশিক্ষা, আন্তর্জাতিক অংশীদারিত্ব এবং বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ২১০টির বেশি অংশীদার স্কুলের নেটওয়ার্ক নিয়ে বিভিন্ন আয়োজনে অংশ নেবেন স্কট। তিনি হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) অংশীদারিত্ব নিয়ে একটি অংশীজন সভায় যোগ দেবেন। পাশাপাশি ব্রিটিশ কাউন্সিল পার্টনার স্কুলস প্রিন্সিপালস মিট ২০২৬-এও অংশ নেবেন তিনি।

(পিআর/এসপি/সেপ্টেম্বর ৩০, ২০২৬)

পাঠকের মতামত:

৩০ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test