E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘ভারত-বাংলাদেশ সম্পর্ক হতে হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে’

২০২৬ অক্টোবর ০৮ ০০:৩৭:০৮
‘ভারত-বাংলাদেশ সম্পর্ক হতে হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে’

স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, “আবরার ফাহাদের চেতনাকে যদি আমরা ধারণ করতে চাই তাহলে ভারত-বাংলাদেশের সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে পুনঃস্থাপন করতে হবে। পানির হিস্যায় আমরা এক চুল পরিমাণ ছাড় দেব না।”

বুধবার (৭ অক্টোবর) বিকেলে রাজধানী পলাশী মোড়ে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার সপ্তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “বাংলাদেশ-ভারতের মধ্যে গঙ্গা পানি বণ্টন চুক্তি নতুন করে সই করতে হবে। নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ কীভাবে অংশীদারত্ব রাখবে, সেটিও স্পষ্ট করতে হবে। আসছে ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ। এ অবস্থায় ভারতের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে গঙ্গার পানি বণ্টনের বিষয়ে নতুন চুক্তি করতে সরকারকে আহ্বান জানাই।”

নাহিদ ইসলাম বলেন, “ভারতের সঙ্গে আমাদের অনেক অভিন্ন নদী রয়েছে। বাংলাদেশ কখনোই এর পানির ন্যায্য হিস্যা পায়নি। এগুলো এখন সমতার ভিত্তিতে হতে হবে।”

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, “আবরার ফাহাদকে আমরা দেখেছি বাংলাদেশের পক্ষের হিসেবে, বাংলাদেশের নদীর পানি যেন আমরা পাই সেটাই আবরার ফাহাদের চেতনা। সে বিষয় নিয়ে সামান্য ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে আবরার ফাহাদকে সারারাত নির্যাতন করে হত্যা করা হয়েছিল।”

এনসিপির আহ্বায়ক বলেন, “আবরার ফাহাদ শুধু নদীর পানি নিয়ে সমালোচনা করেছিলেন। আওয়ামী লীগ ভারতের আগ্রাসনের এক্সটেনশন হিসেবে বাংলাদেশে ক্ষমতায় ছিল। গত ৫০ বছর বাংলাদেশ কী পেয়েছে সেই প্রশ্ন আবরার ফাহাদ করেছিলেন।”

তিনি বলেন, “আবরার ফাহাদ শুধু একটি ঘটনা, আওয়ামী লীগের ১৬ বছরে এরকম কয়েক হাজার ঘটনা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে হয়েছে। নির্যাতন, গেস্ট রুম-এসবের মাধ্যমে যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তা সুস্পষ্ট হয় আবরার ফাহাদের মৃত্যুর মধ্য দিয়ে।”

(ওএস/এএস/অক্টোবর ০৮, ২০২৬)





পাঠকের মতামত:

০৮ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test