E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘পানির ন্যায্য হিস্যায় ভারতকে কোনো ছাড় নয়’

২০২৬ অক্টোবর ০৮ ১৩:২১:৪৯
‘পানির ন্যায্য হিস্যায় ভারতকে কোনো ছাড় নয়’

স্টাফ রিপোর্টার : পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতের সঙ্গে আলোচনায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি বলেন, ১৫৪টি অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে দুই দেশের সম্পর্ক আরো উন্নত করতে হবে। শীর্ষ পর্যায়ের নেতৃত্ব সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে এলে গঙ্গা চুক্তির বিষয়েও অর্থবহ ফল পাওয়া সম্ভব।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মিলনায়তনে ‘পানির ভবিষ্যৎ পুনর্বিবেচনা—যুব নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, পানির ন্যায্য হিস্যা আদায়ের বিষয়ে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আইন ও জনগণের পূর্ণ সমর্থন রয়েছে। ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ একটি কমিটি গঠন করেছে। ওই কমিটিতে ভারতীয় প্রতিনিধি রাখার জন্য দেশটির কাছে নাম চাওয়া হয়েছে।

গঙ্গা চুক্তি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে এলে এ বিষয়ে অর্থবহ ফলাফল পাওয়া সম্ভব। আন্তর্জাতিক আইনও এ ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পানির ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশের প্রস্তুতির বিষয়ে হুমায়ুন কবির বলেন, ভবিষ্যতের পানি কূটনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের অর্থবহ সুযোগ দিতে হবে। তাদের বিজ্ঞান, আন্তর্জাতিক আইন ও বহুমাত্রিক দক্ষতায় দক্ষ করে ‘পানি কূটনীতিক’ হিসেবে গড়ে তোলার প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, জাতিসংঘের অধীনে একটি আন্তর্জাতিক পানি সংস্থা গঠনের জন্য বাংলাদেশ কাজ করছে। ওই সংস্থার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়েও কাজ চলছে।
(ওএস/এএস/অক্টোবর ০৮, ২০২৬)

পাঠকের মতামত:

০৮ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test