E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

২০২৬ নভেম্বর ১৩ ১৪:১৪:৪৯
তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার : তুরস্কে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৫টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

তুরস্কে তিন দিনের সরকারি সফর শেষে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দর ত্যাগ করে। এর আগে, প্রধানমন্ত্রী আন্তালিয়া থেকে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হন। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তিনি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করেন।

প্রধানমন্ত্রী বিকেল ৪টা ৩০ মিনিটে আন্তালিয়া ত্যাগ করেন। সেখানে বিমানবন্দরে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা ও রাষ্ট্রদূত সুবুতায় ইউকসেল তাকে বিদায় জানান।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, ঢাকা উত্তর বিএনপির সদস্যসচিব সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

সফরকালে প্রধানমন্ত্রী একত্রিশতম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নেন এবং বিশ্বনেতাদের সঙ্গে ধারাবাহিক দ্বিপক্ষীয় বৈঠক করেন।

প্রধানমন্ত্রী কপ-৩১ এবং আন্তালিয়া লিডার্স সামিটে অংশ নিতে তিন দিনের সফরে গত ১০ নভেম্বর আন্তালিয়ায় পৌঁছান। বৃহস্পতিবার তিনি কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দেন। ভাষণে তিনি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন মেটাতে পাঁচটি জরুরি পদক্ষেপের কথা তুলে ধরেন।

সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ডের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

প্রধানমন্ত্রী ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্টদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পাশাপাশি মলদোভা, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেন। তিনি ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব, লন্ডনের মেয়র এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে রাজনৈতিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সম্ভাব্য ভূমিকার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। প্রধানমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা ও অবদানের কথা তুলে ধরেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠকে তিনি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারের নিজ দেশে নিরাপদে প্রত্যাবাসন নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেন।

চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে আলোচনায় দুই পক্ষ রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেন। এ ক্ষেত্রে জ্বালানি, ভারী শিল্প, অবকাঠামো এবং কর্মসংস্থান সৃষ্টিতে চীনা বিনিয়োগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ডের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের ওপর কূটনৈতিক তৎপরতা বাড়ানোর জন্য যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন। এ ছাড়া বাংলাদেশের জলবায়ু অভিযোজন কার্যক্রম, অভিবাসন এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদারের উপায় নিয়েও আলোচনা হয়।

উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে বৈঠকে তারেক রহমান সরাসরি বিমান যোগাযোগ চালু, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন। উজবেক প্রেসিডেন্ট তাঁকে উজবেকিস্তান সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী নতুন বছরে সফরটি করার আশা ব্যক্ত করেন।

নেতারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং নির্বাচনে তাঁর ম্যান্ডেট লাভের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেন।
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাও পুনর্গঠন, বিনিয়োগ, দক্ষ জনশক্তি এবং কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

অন্যদিকে, কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহর সঙ্গে আলোচনায় দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।

এসব আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, কূটনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের বিষয়গুলো গুরুত্ব পায়।

এদিকে, ডা. জুবাইদা রহমান বর্জ্যশূন্য ব্যবস্থাপনা বিষয়ক একটি সাইড ইভেন্টে অংশ নেন। সেখানে তিনি বর্জ্যকে সম্পদ ও জ্বালানিতে রূপান্তরের লক্ষ্যে সরকারের নীতিগত উদ্যোগ তুলে ধরেন এবং এ ক্ষেত্রে কারিগরি সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমাস ও তাঁর সহধর্মিনী ডা. জুবাইদা রহমান কপ৩১-এ অংশগ্রহণকারী বিশ্বনেতাদের সম্মানে প্রেসিডেন্ট এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আয়োজিত নৈশভোজেও অংশ নেন।

এ ছাড়া ডা. জুবাইদা রহমান আন্তালিয়ায় রাষ্ট্র ও সরকার প্রধানদের স্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট অতিথিদের সম্মানে এমিনে এরদোয়ানের আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন।

তথ্যসূত্র : বাসস

(ওএস/এএস/নভেম্বর ১৩, ২০২৬)

পাঠকের মতামত:

১৩ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test