E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্রথম ধাপে ১০২৬টি ইউনিয়নে ভোট

২০২৬ নভেম্বর ১৬ ১৪:৩৩:০৩
প্রথম ধাপে ১০২৬টি ইউনিয়নে ভোট

স্টাফ রিপোর্টার : পাঁচ ধাপে দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বছরের ২১ জানুয়ারিকে সম্ভাব্য শুরুর সময় ধরে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রথম ধাপে ১৩১টি উপজেলার প্রায় ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলা, তৃতীয় ধাপে ১১৮টি, চতুর্থ ধাপে ৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার (১৭ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইউপি নির্বাচনের প্রস্তুতি সভা শেষে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান।

তিনি বলেন, ‍“পঞ্চম ধাপে ইচ্ছাকৃতভাবে কমসংখ্যক ইউনিয়ন রাখা হয়েছে। কারণ, আইনি জটিলতা বা অন্য কোনো কারণে যেসব ইউনিয়নের নির্বাচন পিছিয়ে যেতে পারে, সেগুলো শেষ ধাপে অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে।”

কোন ইউনিয়নে কোন তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে, তার বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে ইসির ওয়েবসাইটে প্রকাশ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তখন নির্বাচনের নির্দিষ্ট সময়সূচি ও ইউনিয়নগুলোর নাম জানা যাবে।

বৈঠকে ইউপি নির্বাচন ছাড়াও স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উৎপাদন ও বিতরণ, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিষ্পত্তি এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছে।

স্মার্ট জাতীয় পরিচয়পত্র ছাপানোর কাজ গত চার-পাঁচ দিন ধরে সফটওয়্যার সমস্যার কারণে কিছুটা বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছেন এই নির্বাচন কমিশনার।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “এনআইডি সেবা বন্ধ নেই। সফটওয়্যারের সমস্যা সমাধানের কাজ চলছে। আশা করা হচ্ছে, দ্রুতই এটি ঠিক হয়ে যাবে। কারো এনআইডি সংশোধন বা অনুমোদন হয়ে গেলে তিনি নিজেই ওয়েবসাইট থেকে সেটি প্রিন্ট করে লেমিনেট করে ব্যবহার করতে পারবেন। ফলে সাধারণ এনআইডি সেবা চালু রয়েছে। শুধু স্মার্ট কার্ড ছাপানোর কাজ কিছুটা বিঘ্নিত হচ্ছে।”

স্মার্ট কার্ড উৎপাদন ও বিতরণের ক্ষেত্রে দীর্ঘদিনের একটি চুক্তিগত জটিলতা রয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও তা নবায়ন করা হয়নি। এর মধ্যে অতীতে একটি অডিট আপত্তিও উঠেছে, যা এখনো নিষ্পত্তি হয়নি।

তিনি বলেন, “অমীমাংসিত অডিট আপত্তি থাকা অবস্থায় কীভাবে কাজ চালিয়ে নেওয়া যায়, চুক্তি নবায়নের প্রক্রিয়া কী হবে এসব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এটি একটি জাতীয় সেবা, তাই বন্ধ রাখা যাবে না। দীর্ঘদিন ধরে চলা সমস্যার সমাধানের চেষ্টা করছে কমিশন।”

(ওএস/এএস/নভেম্বর ১৬, ২০২৬)

পাঠকের মতামত:

১৬ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test