E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ধীরে এগোচ্ছে ঘূর্ণিঝড় আকভান, ৪ সমুদ্রবন্দরে সতর্কতা

২০২৬ নভেম্বর ১৯ ১৪:৪৪:২৭
ধীরে এগোচ্ছে ঘূর্ণিঝড় আকভান, ৪ সমুদ্রবন্দরে সতর্কতা

স্টাফ রিপোর্টার : প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে এ বৃষ্টিপাত হতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, এসব বিভাগের কোথাও কোথাও ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

উপকূল থেকে ১ হাজার কিলোমিটারের বেশি দূরে ঘূর্ণিঝড়
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।

বৃহস্পতিবার সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ১ হাজার ৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ১ হাজার ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড়টি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১৭ কিলোমিটার
বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের পাঁচ বিভাগে টানা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বিশেষ করে ২৪ ঘণ্টায় ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে নিচু এলাকা ও পানি নিষ্কাশনে সমস্যা রয়েছে এমন স্থানে সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে। নগর এলাকায় ভারী বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ও যান চলাচলেও ভোগান্তি দেখা দিতে পারে।

(ওএস/এএস/নভেম্বর ১৯, ২০২৬)

পাঠকের মতামত:

১৯ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test