E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রোহিঙ্গা সংকট নিয়ে ব্র্যাকের গবেষণা 

দীর্ঘস্থায়ী সংকটে আশ্রয়শিবিরে শিক্ষা, কর্মসংস্থানের সুযোগ কমছে 

২০২৬ নভেম্বর ১৯ ১৮:২৬:২০
দীর্ঘস্থায়ী সংকটে আশ্রয়শিবিরে শিক্ষা, কর্মসংস্থানের সুযোগ কমছে 

স্থানীয় জনগোষ্ঠীর তরুণদের জীবন-জীবিকাও ক্ষতিগ্রস্ত

স্টাফ রিপোর্টার : দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট আশ্রয়শিবিরের তরুণ-তরুণীদের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকায় গভীর প্রভাব ফেলছে। ব্র্যাকের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, রোহিঙ্গা তরুণদের প্রায় অর্ধেক পড়াশোনা বা কোনো কাজের সঙ্গে যুক্ত নন। অন্যদিকে, স্থানীয় তরুণদের প্রতি তিনজনের দুজন জানিয়েছেন, এই সংকট তাঁদের জীবিকা ক্ষতিগ্রস্ত করেছে। তবে উভয় জনগোষ্ঠীর তরুণরাই মনে করছেন প্রত্যাবাসনের জন্য সহায়তা কমানো বা চাপ সৃষ্টি নয়; মিয়ানমারের নাগরিকত্ব, সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।

আজ হস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ব্র্যাক আয়োজিত ‘রোহিঙ্গা সংকটের এক দশক: করণীয় নিয়ে নতুন ভাবনা (Rohingya Crisis at Year Ten and Beyond: Rethinking the Response)’ শীর্ষক নীতি সংলাপ অনুষ্ঠানে বক্তারা বলেন, রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠী উভয়েই জীবিকার সংকটে রয়েছে এবং এই বাস্তবতা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। সমস্যা সমাধানে সম্মিলিত সিদ্ধান্ত নিতে বিলম্ব করার আর কোনো সুযোগ নেই। বক্তারা বলেন, সংকট মোকাবিলায় সরকার, জাতিসংঘ ও উন্নয়ন সহযোগীদের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি ছিলেন, ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইসেন ফ্রেইসেন এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক। স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্। অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের পরিচালক নির্ঝর অধিকারী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের শরণার্থী সেলের প্রধান মোহাম্মদ নাজমুল আবেদীন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক কে এ এম মোর্শেদের একটি প্যানেল আলোচনা সঞ্চালনা করেন। ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি ও মানবিক সংকট ব্যবস্থাপনা কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক ড. মো. আকরামুল ইসলাম সমাপনী বক্তব্য রাখেন ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, রোহিঙ্গা সংকটের সমাধান হতে হবে মিয়ানমারেই। এ জন্য রোহিঙ্গাদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিতে হবে এবং তাঁদের নিরাপদে ও সম্মানের সঙ্গে দেশে ফিরে যাওয়ার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। তিনি বলেন, সহায়তা কমে যাওয়া এবং সংকট দীর্ঘ হওয়ায় বাংলাদেশের সীমিত সম্পদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। রোহিঙ্গাদের অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করে নিরাপদে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া দ্রুত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
স্বাগত বক্তব্যে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য নানাভাবে চেষ্টা চলছে, তবে তার আগে এই অপেক্ষার বছরগুলো তাদের বাংলাদেশেই কাটাতে হবে। শিগগিরই তাদের মিয়ানমারে ফিরে যাওয়ার সম্ভাবনা কম। তাই, রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবিকা ও দক্ষতার উন্নয়নকে বাংলাদেশের মানুষের সঙ্গে তাদের একীভূত হয়ে যাওয়ার প্রক্রিয়া হিসেবে নয়, বরং সম্মানের সঙ্গে নিজ দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি হিসেবে দেখতে হবে। গবেষণায় দেখা গেছে, যেসব তরুণ রোহিঙ্গার আয়ের সুযোগ রয়েছে, তাদের দেশে ফিরে যাওয়ার আগ্রহও বেশি।

আসিফ সালেহ্ বলেন, এই দীর্ঘ সংকটের অর্থনৈতিক চাপ যেন স্থানীয় জনগোষ্ঠীর ওপর না পড়ে সে বিষয়টি বিবেচনায় রাখা জরুরি। একটি সুস্পষ্ট নীতিমালা না থাকলে রোহিঙ্গা ও স্থানীয় মানুষ, উভয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা ঝুঁকিতে পড়বে। তাই রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষদের নিজ দেশে ফিরে যাওয়ার আগের এই দীর্ঘ অপেক্ষার সময়কে সঠিকভাবে পরিচালনার জন্য সরকার, জাতিসংঘ ও উন্নয়ন সহযোগীদের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইসেন ফ্রেইসেন বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানের সঙ্গে দেশে ফিরে যাওয়ার বিষয়টি এখনো অনিশ্চিত বলে দিন দিন সংকট বাড়ছে। বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর এ দেশে অবস্থান এবং নিজ দেশে ফিরে যাওয়ার পর যেন তারা নিরাপদে থাকতে পারে, সে লক্ষ্যে আরও টেকসই ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। এ জন্য নীতিমালায় পরিবর্তন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সংহতি ও সহযোগিতা দরকার। একই সঙ্গে তাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখাও জরুরি।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রোহিঙ্গারা দারিদ্র্যের কারণে নয়, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে নিজেদের দেশ ছেড়ে পালিয়ে এসেছেন। তাই তাঁদের শুধু সাহায্যপ্রার্থী হিসেবে দেখা উচিত নয়। মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে নিরপেক্ষ থাকার অর্থ এই নয় যে রোহিঙ্গাদের পরিচয় বা অতীতের নির্যাতন-নিপীড়নের কথা উপেক্ষা করতে শরণার্থীরা যেন নিজেদের মধ্যে সংগঠিত হতে পারেন এবং নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের বিষয়ে মতামত দেওয়ার সুযোগ পান, সে সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলার উদ্যোগ শুধু জরুরি মানবিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠী, উভয়ের দীর্ঘমেয়াদি প্রয়োজন বিবেচনায় নিতে হবে। এ জন্য তিনি তিনটি অগ্রাধিকারের কথা তুলে ধরেন। প্রথমত, রোহিঙ্গাদের জন্য নিয়মিত মানবিক সহায়তা ও সুরক্ষা নিশ্চিত করা। দ্বিতীয়ত, স্থানীয় জনগোষ্ঠীর জন্য শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন সেবা, জীবিকার সুযোগ এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে কক্সবাজারে আরও বিনিয়োগ করা; একই সঙ্গে শরণার্থীদের স্থায়ী সমাধানের পথ এগিয়ে নেওয়া। তৃতীয়ত, আরও সমন্বিত ও ধারাবাহিক সহায়তা নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদার করা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের পরিচালক নির্ঝর অধিকারী পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের বক্তব্য তুলে ধরেন। ওই বক্তব্যে বলা হয়, রোহিঙ্গাদের নিরাপদে, স্বেচ্ছায়, সম্মানের সঙ্গে এবং স্থায়ীভাবে মিয়ানমারে ফিরিয়ে নেওয়াই এই সংকটের চূড়ান্ত সমাধান। এ জন্য ধারাবাহিক কূটনৈতিক তৎপরতা এবং তাঁদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার বিশ্বাসযোগ্য নিশ্চয়তা প্রয়োজন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের শরণার্থী সেলের প্রধান মোহাম্মদ নাজমুল আবেদীন বলেন, রোহিঙ্গাদের একসময় নিজ দেশে ফিরিয়ে নেওয়ার লক্ষ্য সামনে রেখে ধাপে ধাপে এবং তথ্য-প্রমাণের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে এবং নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে হবে। এসব উদ্যোগ বাস্তবায়নে কয়েক বছর মেয়াদি এবং নিয়মিত অর্থায়ন নিশ্চিত করাও ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক কে এ এম মোর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠিত প্যানেল আলোচনায় মানবিক সহায়তা, উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার সমন্বিত উদ্যোগের আওতায় কীভাবে জীবিকাভিত্তিক একটি মডেল গড়ে তোলা যায়, তা নিয়ে আলোচনা হয়। আলোচনায় অংশ নেন বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশনস অফিসার ও রোহিঙ্গা কর্মসূচির সমন্বয়ক সুহাইল কাসিম; ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইসেন; পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের পরিচালক নির্ঝর অধিকারী; জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহ; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাহমান নাসির উদ্দিন এবং কক্সবাজারের বেসরকারি সংস্থা মুক্তির প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকার।

ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি ও মানবিক সংকট ব্যবস্থাপনা কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক ড. মো. আকরামুল ইসলাম সমাপনী বক্তব্য রাখেন ও ধন্যবাদ জ্ঞাপন করেন। ব্র্যাকের পলিসি অ্যানালিস্ট তারিকুল ইসলাম গবেষণার বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে নীতিনির্ধারক, উন্নয়ন সহযোগী, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, দেশি ও আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা, শিক্ষাবিদ এবং সংশ্লিষ্ট অন্যান্য অংশীজন অংশ নেন।

‘প্রত্যাশা ও বাস্তবতার দোলাচালে: রোহিঙ্গা তরুণদের চোখে জীবিকা, আশ্রয়শিবিরের জীবন ও প্রত্যাবাসনের আশা’ এবং ‘সংকটের ছায়ায় জীবনযাপন: উখিয়া ও টেকনাফের স্থানীয় তরুণদের চোখে জীবিকা, জেন্ডার সমতা ও সহাবস্থান’ শীর্ষক গবেষণা দুটি পরিচালনা করেছে ব্র্যাক অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ। ২০২৫ সালের মার্চ ও এপ্রিল মাসে পরিচালিত গবেষণায় ১৫ থেকে ৩৫ বছর বয়সী মোট ১ হাজার ১৫২ জন তরুণ-তরুণীর সাক্ষাৎকার নেওয়া হয়। এর মধ্যে ৫৭৬ জন রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা এবং ৫৭৬ জন ছিলেন আশ্রয়শিবিরসংলগ্ন স্থানীয় জনগোষ্ঠীর সদস্য। দলীয় আলোচনা ও বিস্তারিত সাক্ষাৎকারের মাধ্যমে তাঁদের অভিজ্ঞতা ও মতামত সংগ্রহ করা হয়।

রোহিঙ্গা তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানের সংকট

গবেষণায় দেখা গেছে, রোহিঙ্গা তরুণদের ৪৯ দশমিক ৭ শতাংশ পড়াশোনা বা কোনো কাজের সঙ্গে যুক্ত নন। তরুণীদের ক্ষেত্রে এই হার ৮৪ দশমিক ৫ শতাংশ, যেখানে তরুণদের ক্ষেত্রে ১৪ শতাংশ। বর্তমানে মাত্র ১৭ দশমিক ৯ শতাংশ তরুণ পড়াশোনা করছেন এবং ৩৮ দশমিক ৪ শতাংশ জীবিকার কাজে যুক্ত।

কর্মরত তরুণদের বড় অংশ এনজিওর স্বেচ্ছাসেবক, দিনমজুর বা ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁরা মাসে গড়ে মাত্র ১৫ দিন কাজের সুযোগ পান। প্রকল্প শেষ হলে কাজও বন্ধ হয়ে যায়। ফলে তাঁদের আয়ের উৎস অনিশ্চিত এবং অধিকাংশের মৌলিক চাহিদা পূরণেও ঘাটতি রয়েছে।

আয়ের সঙ্গে প্রত্যাবাসনের আগ্রহের সম্পর্কও দেখা গেছে। যেসব তরুণের কিছুটা আয় রয়েছে, তাঁদের ৭৯ দশমিক ৩ শতাংশ দেশে ফিরতে চান; আয়হীনদের ক্ষেত্রে এই হার ৫৩ দশমিক ৪ শতাংশ। একইভাবে, মিয়ানমারের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখেন এমন তরুণদের মধ্যে দেশে ফেরার আগ্রহ বেশি।

সামগ্রিকভাবে, ৭৬ দশমিক ৭ শতাংশ রোহিঙ্গা তরুণ নির্দিষ্ট শর্ত পূরণ হলে মিয়ানমারে ফিরতে চান। নাগরিকত্ব ও সমান অধিকার নিশ্চিত করা হলে এই হার ৮২ দশমিক ৬ শতাংশ। তবে নিরাপত্তা ও কাজের সুযোগ ছাড়া শুধু নাগরিকত্ব দেওয়া হলে ফিরতে চান মাত্র ১৯ দশমিক ৪ শতাংশ।
আশ্রয়শিবিরে সহায়তা ও কাজের সুযোগ কমানো হলে ৫২ দশমিক ৬ শতাংশ তরুণ সেখানেই থেকে যেতে চান। অন্যদিকে, আশ্রয়শিবিরের নিরাপত্তার অবনতি এবং মিয়ানমারের পরিস্থিতি অস্থিতিশীল থাকলে ২৭ দশমিক ৮ শতাংশ অন্য কোথাও চলে যাওয়ার কথা ভাবেন। বাংলাদেশে জন্ম নেওয়া রোহিঙ্গা তরুণদের ক্ষেত্রে এই হার ৬৭ দশমিক ৮ শতাংশ; তাঁদের মাত্র ১১ দশমিক ৯ শতাংশ দেশে ফিরতে আগ্রহী।

স্থানীয় জনগোষ্ঠীর জীবিকায় সংকটের প্রভাব

স্থানীয় তরুণদের ৬৬ দশমিক ৭ শতাংশ জানিয়েছেন, রোহিঙ্গা সংকটে তাঁদের জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের মধ্যে ৮৫ দশমিক ৮ শতাংশের মতে, কাজ খুঁজে পাওয়া কঠিন হয়েছে, ৬৫ দশমিক ৯ শতাংশের মজুরি কমেছে এবং ৩৬ দশমিক ৪ শতাংশ কাজ হারিয়েছেন। টেকনাফে জীবিকায় ক্ষতির কথা জানিয়েছেন ৭১ দশমিক ৬ শতাংশ তরুণ, উখিয়ায় এই হার ৬০ দশমিক ১ শতাংশ।
শিক্ষায় এগিয়ে থাকলেও কর্মসংস্থানে পিছিয়ে রয়েছেন স্থানীয় তরুণীরা। তাঁদের ৫৩ দশমিক ৯ শতাংশ মাধ্যমিক বা তার বেশি শিক্ষা সম্পন্ন করেছেন, যেখানে তরুণদের ক্ষেত্রে এই হার ৪১ দশমিক ৪ শতাংশ। অথচ আয়মূলক কাজে যুক্ত তরুণীর হার মাত্র ২০ দশমিক ৮ শতাংশ, যেখানে তরুণদের ক্ষেত্রে ৭০ দশমিক ২ শতাংশ। গড়ে পুরুষেরা নারীদের তুলনায় ৪ দশমিক ৩ গুণ বেশি আয় করেন। সামাজিক রীতিনীতি, পরিবারের অনুমতি, অনিরাপদ যাতায়াত, গৃহস্থালির দায়িত্ব ও কম মজুরি নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণের বড় বাধা।

জোরপূর্বক প্রত্যাবাসনের পক্ষে নন অধিকাংশ স্থানীয় তরুণ

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কারণে স্থানীয় জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন ৭২ দশমিক ২ শতাংশ স্থানীয় তরুণ। তাঁদের ৫৭ দশমিক ৩ শতাংশের মতে, রোহিঙ্গাদের সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর সম্পর্ক ভালো নয়। তবে এই অসন্তোষের মধ্যেও মাত্র ২৩ দশমিক ৪ শতাংশ তরুণ জোরপূর্বক প্রত্যাবাসন সমর্থন করেন।

স্থানীয় তরুণদের ৯৫ দশমিক ৫ শতাংশ চান, সরকার তাঁদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করুক। তাঁদের প্রধান দাবির মধ্যে রয়েছে সরকারি ও এনজিওর চাকরিতে স্থানীয়দের নিয়োগ, আশ্রয়শিবিরের বিভিন্ন কাজে স্থানীয়দের অগ্রাধিকার, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং কৃষি, মৎস্য ও হস্তশিল্প খাতে সহায়তা।

প্রত্যাবাসনে অধিকার ও মর্যাদাই প্রধান শর্ত

প্রত্যাবাসন নিয়ে দুই জনগোষ্ঠীর তরুণদের দৃষ্টিভঙ্গিতে পার্থক্য রয়েছে। রোহিঙ্গা তরুণদের ৭৬ দশমিক ৭ শতাংশ শর্ত পূরণ হলে দেশে ফিরতে চান। অন্যদিকে, স্থানীয় তরুণদের মাত্র ৩৯ দশমিক ৮ শতাংশ মনে করেন, শর্ত পূরণ হলে রোহিঙ্গারা ফিরে যাবেন। এ বিষয়ে ৭১ দশমিক ৭ শতাংশ স্থানীয় তরুণ হতাশা প্রকাশ করেছেন।

স্থানীয় তরুণদের মতে, মিয়ানমারে নাগরিকত্ব, পূর্ণ অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হলেই রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্ভব। সহায়তা কমানো বা আশ্রয়শিবিরের নিরাপত্তার অবনতি হলে রোহিঙ্গারা ফিরে যাবেন বলে মনে করেন যথাক্রমে মাত্র ৯ দশমিক ২ ও ৫ শতাংশ তরুণ।

গবেষণা দুটি বলছে, দীর্ঘস্থায়ী এই সংকট মোকাবিলায় শুধু মানবিক সহায়তা অব্যাহত রাখাই যথেষ্ট নয়। রোহিঙ্গা তরুণদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও জীবিকার সুযোগ বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থান এবং নারীদের অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

(পিআর/এসপি/নভেম্বর ১৯, ২০২৬)

পাঠকের মতামত:

১৯ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test