E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘আইসিজের রায় রোহিঙ্গা সংকট সমাধান-ন্যায়বিচারে ভূমিকা রাখবে’

২০২৬ নভেম্বর ২০ ১৩:৪৪:১৮
‘আইসিজের রায় রোহিঙ্গা সংকট সমাধান-ন্যায়বিচারে ভূমিকা রাখবে’

স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় রোহিঙ্গা সংকট সমাধান ও ন্যায়বিচার নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

তিনি বলেছেন, রায় বাস্তবায়নের মাধ্যমে রোহিঙ্গাদের নিরাপত্তা, নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করে স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা করতে হবে।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ফুটবল মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর রোহিঙ্গারা এ সমাবেশের আয়োজন করেন।

সমাবেশে খলিলুর রহমান বলেন, দ্য হেগে জাতিসংঘের সর্বোচ্চ আদালত রোহিঙ্গাদের নাম উচ্চারণ করেছে। ২০১৭ সালে তাদের ওপর যা ঘটেছে, তা গণহত্যা। এই রায় রোহিঙ্গাদের দীর্ঘদিনের ভোগান্তি ও নির্যাতনের বিচার পাওয়ার পথে গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

তিনি বলেন, যারা এই দিনটি দেখে যেতে পারেননি, তাদের প্রথমে স্মরণ করতে হবে। রোহিঙ্গাদের ওপর চালানো হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং নারী ও শিশুদের ওপর নির্যাতনের ঘটনা ভুলে যাওয়ার সুযোগ নেই। এসব অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের তদন্তের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।

খলিলুর রহমান বলেন, রোহিঙ্গারা মিয়ানমারের একটি স্বতন্ত্র জনগোষ্ঠী। দেশটির সঙ্গে তাদের বহু প্রজন্মের সম্পর্ক রয়েছে। তাদের পরিচয় ও অধিকার অস্বীকার করে সংকটের সমাধান সম্ভব নয়। নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করতে হবে।

প্রত্যাবাসনের বিষয়ে তিনি বলেন, রোহিঙ্গাদের ফিরে যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তা, নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করা জরুরি। প্রত্যাবাসন হতে হবে স্বেচ্ছামূলক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থাও করতে হবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য মিয়ানমারের আইন ও প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় সংস্কার করতে হবে। নিরাপত্তা বাহিনীর জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি মানবাধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।

রোহিঙ্গাদের ন্যায়বিচারের দাবিতে ভূমিকা রাখার জন্য গাম্বিয়া, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং মামলায় হস্তক্ষেপকারী ১১টি রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা জানান খলিলুর রহমান। এ ছাড়া আইসিজের বিচারক, জাতিসংঘের তদন্তসংশ্লিষ্ট ব্যক্তি এবং রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকার ও জনগণের প্রশংসা করেন তিনি।

বাংলাদেশের মানুষের পাশাপাশি উখিয়া-টেকনাফের স্থানীয় বাসিন্দাদের অবদানের কথাও উল্লেখ করেন তিনি। বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ও স্থানীয় জনগোষ্ঠী যে মানবিকতা দেখিয়েছে, তা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। তবে এই সংকটের পুরো দায়িত্ব বাংলাদেশের একার পক্ষে বহন করা সম্ভব নয় উল্লেখ করে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

খলিলুর রহমান বলেন, ১৯ নভেম্বর ২০২৬ তারিখটি যেন রোহিঙ্গাদের জন্য নিজ দেশে ফেরার পথচলার সূচনা হিসেবে স্মরণীয় হয়ে থাকে। আইসিজের রায়কে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দীর্ঘদিনের সংকট সমাধানের পথে কার্যকর পদক্ষেপে রূপ দিতে হবে।

সমাবেশে উপস্থিত রোহিঙ্গারা আইসিজের রায়কে ঘিরে আশা ও প্রত্যাশা প্রকাশ করেন। তারা দীর্ঘদিনের নির্যাতনের বিচার, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং নিরাপদে নিজ দেশে ফিরে যাওয়ার পরিবেশ তৈরির দাবি জানান। সমাবেশ শেষে সকাল সাড়ে ১০টার দিকে খলিলুর রহমান কক্সবাজারের উদ্দেশে উখিয়া ত্যাগ করেন।
(ওএস/এএস/নভেম্বর ২০, ২০২৬)

পাঠকের মতামত:

২০ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test