E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘প্রাণিসম্পদ খাত হবে বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান শক্তি’

২০২৬ নভেম্বর ২৬ ১৩:৩৯:০৮
‘প্রাণিসম্পদ খাত হবে বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান শক্তি’

স্টাফ রিপোর্টার : দেশের প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও স্বয়ংসম্পূর্ণ করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, প্রাণিসম্পদ খাতের উৎপাদন বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রাণিজ পণ্যের রপ্তানি সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে।

এ সম্ভাবনাকে কাজে লাগাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু পালন, রোগ প্রতিরোধ, খামারি প্রশিক্ষণ এবং মানসম্মত উৎপাদন নিশ্চিত করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের গ্রামীণ ও কৃষি অর্থনীতির প্রাণ হলো কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ। মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

নিজস্ব উৎপাদনের মাধ্যমে পুষ্টির চাহিদা পূরণ এবং সেই উৎপাদনকে শিল্পে রূপান্তর করতে পারলে স্বনির্ভর ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা কঠিন হবে না। এজন্য প্রয়োজন সদিচ্ছা, সুষ্ঠু পরিকল্পনা ও তার যথাযথ বাস্তবায়ন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, পুষ্টিগতভাবে শক্তিশালী প্রজন্মের শেখার সক্ষমতা, কর্মদক্ষতা ও উদ্ভাবনী শক্তি বেশি বিকশিত হয়। মেধাবী জাতি গঠনের স্বপ্ন পুষ্টির নিরাপত্তার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। প্রাণিজ আমিষ এক্ষেত্রে অন্যতম পূর্বশর্ত। বর্তমানে দেশের জনগণের প্রাণিজ আমিষ গ্রহণের ৫৬ শতাংশ আসে দুধ, মাংস ও ডিম থেকে। ফলে প্রাণিজ আমিষের উৎপাদন শুধু খাদ্যনিরাপত্তার বিষয় নয়, এর সঙ্গে অর্থনৈতিক স্বাবলম্বিতাও জড়িত।

প্রাণিসম্পদ খাতের অর্থনৈতিক অবদানের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে স্থির মূল্যে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ। এ খাতে প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। কৃষিজ জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ।

তিনি জানান, বর্তমান সরকারের সময়ে ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে প্রাণিসম্পদ খাতে ১০৪ দশমিক ৬৪ লাখ মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি এ খাত ক্রমেই রপ্তানিমুখী হয়ে উঠছে। এ খাতের বিকাশে সব ধরনের নীতিগত ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি। একই সঙ্গে প্রাণিসম্পদ খাতের সাফল্যের জন্য খামারিদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।

রপ্তানি সম্ভাবনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত এবং অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি সম্প্রসারণের সুযোগ রয়েছে। বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে হ্যাচিং এগ বা বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম রপ্তানি করতেও সক্ষম হয়েছে। এভাবে নতুন নতুন রপ্তানি বাজার খুঁজে বের করতে হবে। দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত পণ্য ও পোলট্রি পণ্যের রপ্তানি বাজার সম্প্রসারণেরও বিশাল সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও উৎপাদনমুখী করতে প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু পালন, কৃত্রিম প্রজনন, টিকাদান, রোগ প্রতিরোধ, উন্নত খাদ্য ব্যবস্থাপনা এবং খামারের বর্জ্য ব্যবস্থাপনার ওপর সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারি প্রশিক্ষণ ও গবেষণার উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে একদিকে দেশের স্বনির্ভরতা বাড়বে, অন্যদিকে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি হবে।

পোলট্রি খাতের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশে বর্তমানে বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোলট্রি খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে। এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষ জড়িত, যাদের ৪০ শতাংশ নারী। বর্তমানে পোলট্রি খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি জীবিকা নির্বাহের জন্য পশুপালন করছেন। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা এসব খামার খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান ও রপ্তানিতে অবদান রাখছে। তাই খামারিদের দোরগোড়ায় পশুর চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। গবাদিপশুর রোগ প্রতিরোধ ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

প্রাণিসম্পদ খাতের অন্যতম প্রধান অন্তরায় হিসেবে রোগবালাইয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে এরই মধ্যে পশুচিকিৎসায় ১৭ ধরনের রোগের টিকা উৎপাদিত হচ্ছে। তবে তা পর্যাপ্ত নয়। এ কারণে সরকার আধুনিক ভ্যাকসিন উৎপাদন প্ল্যান্ট তৈরির উদ্যোগ নিয়েছে।

উপকূলীয় অঞ্চল, সিলেট ও সুনামগঞ্জের হাওরাঞ্চলে মহিষের প্রাপ্যতা ও উৎপাদনের বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এসব অঞ্চলে জেগে ওঠা নতুন চর ও সরকারি খাসজমি সমবায় বন্দোবস্তের মাধ্যমে খামারিদের ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়ার সুযোগ রয়েছে। এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করে যথাযথ উদ্যোগ নিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি।

শহরাঞ্চলে পোষা প্রাণী ও খাঁচায় পাখি পালনের প্রবণতা বৃদ্ধির বিষয়েও বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এসব প্রাণী মানুষের মানসিক প্রশান্তির কারণ হওয়ার পাশাপাশি অনেকের আয়ের উৎস হয়ে উঠেছে। তবে মানুষের যেমন অধিকার রয়েছে, তেমনি পশুপাখির অধিকারও অবহেলা করা যাবে না।

প্রাণীর অধিকার সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রাণীকে ক্ষুধা ও তৃষ্ণা থেকে মুক্ত রাখতে হবে। অস্বস্তি, ব্যথা, আঘাত ও রোগ থেকে সুরক্ষা দিতে হবে। স্বাভাবিক আচরণ প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং ভয় ও মানসিক যন্ত্রণা দেওয়া থেকে বিরত থাকতে হবে। মানবিক মানুষ হিসেবে প্রত্যেকেরই পশুপাখির অধিকার সম্পর্কে সচেতন থাকা দায়িত্ব।

প্রধানমন্ত্রী বলেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য হলো এ খাতের সমস্যা, সম্ভাবনা ও সাফল্য জনগণের সামনে তুলে ধরা। খামারিরাই প্রাণিসম্পদ খাতের মূল চালিকাশক্তি। তাদের মেধা, পরিশ্রম, নিষ্ঠা ও উদ্যোগেই এ খাত এগিয়ে যাচ্ছে। তাই খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি, ন্যায্যমূল্য এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

জাতীয় প্রাণিসম্পদ পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, এ অর্জন প্রাণিসম্পদ খাতে তাদের অসামান্য অবদানের স্বীকৃতি। দেশের লাখো উদ্যোক্তা, গবেষক ও এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য এটি অনুপ্রেরণা হয়ে থাকবে। প্রতিভাবান খামারি, উদ্যোক্তা ও গবেষকদের মেধা ও শ্রম কাজে লাগিয়ে বাংলাদেশ অচিরেই বৈশ্বিক প্রাণিসম্পদ বাজারে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য খাদ্যনিরাপত্তা ও কোয়ারেন্টাইন মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের উৎপাদিত প্রাণী ও প্রাণিজাত পণ্য বিশ্ববাজারে প্রবেশ করাতে হলে ফুড সেফটি ও আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মান কঠোরভাবে নিশ্চিত করার বিকল্প নেই। সরকার আন্তর্জাতিক মানের আধুনিক প্রাণিজ পণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং রোগমুক্ত অঞ্চল গড়ে তুলছে।

তিনি আশাপ্রকাশ করেন, যথাযথ পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি, খামারিদের দক্ষতা ও সরকারের সহযোগিতার সমন্বয়ে বাংলাদেশের প্রাণিসম্পদ খাত অদূর ভবিষ্যতে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তিতে পরিণত হবে।

(ওএস/এএস/নভেম্বর ২৬, ২০২৬)







পাঠকের মতামত:

২৬ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test