E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘ইসির মেরুদণ্ড আরও শক্ত হওয়া দরকার’

২০২৬ নভেম্বর ২৯ ১৪:১১:৪০
‘ইসির মেরুদণ্ড আরও শক্ত হওয়া দরকার’

স্টাফ রিপোর্টার : নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের মেরুদণ্ড আরও শক্ত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, ভোটকেন্দ্রে ভোটাররা যে ভোট দেন, অনেক ক্ষেত্রে ভোটের বাক্সের ফলাফল ও ঘোষিত ফলাফলের মধ্যে পার্থক্য দেখা যায়। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় নির্বাচন কমিশনকে দৃঢ় অবস্থান নিতে হবে।

রবিবার (২৯ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ অনেক বেশি হয়েছে। এমনকি জামানত এক হাজার টাকা হলেও তেমন কোনো ক্ষতি হতো না। বিষয়টি নির্বাচন কমিশনের বিবেচনা করা উচিত।

শিক্ষাগত যোগ্যতার বিষয়ে তিনি বলেন, দেশে তথাকথিত শিক্ষিত মানুষের চেয়ে গ্রামের স্বল্পশিক্ষিত বা অশিক্ষিত মানুষের জ্ঞান, নীতি-আদর্শ ও মানবিক গুণাবলি অনেক বেশি থাকতে পারে। শুধু বিএ বা এমএ পাস করলেই প্রকৃত জ্ঞান ও নৈতিকতা অর্জিত হয় না। দেশের শিক্ষাব্যবস্থায় মানবিক গুণাবলির ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে স্কুল-কলেজের প্রাতিষ্ঠানিক শিক্ষাকে প্রাধান্য দেওয়া উচিত নয়। বরং মানবিক শিক্ষা, নৈতিকতা ও মানবিক গুণাবলিকে গুরুত্ব দিতে হবে। শিক্ষিত নাগরিক এবং গ্রামের স্বল্পশিক্ষিত মানুষের নাগরিক অধিকার সমান। বরং জ্ঞান, ভালো মানুষ হওয়া ও নৈতিকতার কারণে একজন মানুষের মূল্যায়ন বেশি হওয়া উচিত।

নির্বাচন কমিশনের মেরুদণ্ড শক্ত করার আহ্বান জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, ১৯৯৯ সালে তার একটি উপনির্বাচনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রভাব বিস্তার করেছিলেন। ওই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আবু হেনা। তবে ভোট কারচুপির অভিযোগের পরও সেই ফলাফল ঘোষণা করা হয়নি। দীর্ঘদিন বিষয়টি ঝুলে ছিল।

তিনি বলেন, ভোটকেন্দ্রে মানুষ যে ভোট দেন, অনেক ক্ষেত্রে ভোটের বাক্সের ফলাফল এবং ঘোষিত ফলাফলের মধ্যে পার্থক্য দেখা যায়। এ বিষয়ে নির্বাচন কমিশনকে আরও সতর্ক হতে হবে।

কাদের সিদ্দিকী বলেন, বাংলাদেশের জন্ম হয়েছে নির্বাচনের মধ্য দিয়ে। ১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তানি শাসকগোষ্ঠী জনগণের রায় মেনে নিলে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হতো না। ভোটের অধিকার ও নির্বাচনের গুরুত্ব অনুধাবন করে কমিশনকে দায়িত্ব পালন করতে হবে।

নির্বাচনে প্রার্থীদের ব্যয় কমানোর বিষয়েও কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। ভোটার তালিকা ও সিডি প্রিন্ট করার ব্যয় বহন করা অনেক প্রার্থীর জন্য কষ্টকর উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশন চাইলে প্রার্থীদের জন্য ভোটার তালিকা ছাপিয়ে দিতে পারে। এতে বিশেষ করে স্বল্প অর্থসম্পদের প্রার্থীরা উপকৃত হবেন।

তিনি আরও বলেন, দেশের সব রাজনৈতিক দলকে নিয়ে আলোচনা করার যে উদ্যোগ নির্বাচন কমিশন নিয়েছে, তা প্রশংসনীয়। দেশ শুধু রাজনৈতিক দলের নয়, দেশের সব মানুষের। তাই সরকারকেও সব রাজনৈতিক দল ও মানুষের সঙ্গে আলোচনা করে চলা উচিত।

রাজনীতিতে বিরোধী মতের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, ক্ষমতায় গেলে সবার আগে বিরোধীদের সম্মান করতে হবে। তাঁদের জীবন, মান-সম্মান, সম্পদ ও সন্তান-সন্ততির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মতের বিরোধ হলেই কারও জীবন বা সম্পদের ওপর আঘাত করা উচিত নয়।

নির্বাচন কমিশনের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব কমানোর ওপরও গুরুত্ব দেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি।

তিনি বলেন, নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়ে অনেক সময় প্রতিকার পাওয়া যায় না। কমিশনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা যেন সহজে যোগাযোগ করতে পারেন এবং অভিযোগ জানালে দ্রুত সাড়া ও প্রতিকার পান, সেই ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, নির্বাচন কমিশনের এই উদ্যোগ সফল হলে দেশের অনেক সমস্যা দূর হবে। প্রয়োজনে কমিশনের উদ্যোগে সহযোগিতা করারও আশ্বাস দেন তিনি।

(ওএস/এএস/নভেম্বর ২৯, ২০২৬)










পাঠকের মতামত:

২৯ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test