E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাইয়ে দুই দিনব্যাপী ‘পোর্ট্রেট ৩য় জাতীয় আলোকচিত্র ক্যাম্প ২০২৬’ সম্পন্ন

২০২৬ জুলাই ১৮ ১৯:১৮:১২
কাপ্তাইয়ে দুই দিনব্যাপী ‘পোর্ট্রেট ৩য় জাতীয় আলোকচিত্র ক্যাম্প ২০২৬’ সম্পন্ন

রিপন মারমা, রাঙ্গামাটি : আলোকচিত্র শিল্প ও সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে কাপ্তাইয়ে দুইদিন ব্যাপী ‘পোর্ট্রেট ৩য় জাতীয় আলোকচিত্র ক্যাম্প ২০২৬’ সফল ভাবে সম্পন্ন হয়েছে। পোর্ট্রেট ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড কালচারের আয়োজনে এবং এমএনএস ইন্সপেকশন কোম্পানীর সহযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আলোকচিত্রীদের মিলনমেলায় মুখর হয়ে উঠেছিল কাপ্তাইয়ে।

গতকাল শুক্রবার সকালে কাপ্তাইয়ের হর্টিকালচারাল সেন্টারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ক্যাম্পের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান উদ্বোধন হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের মহাসচিব এবং ডেইলি দি পিপলস ভিউ-এর প্রকাশক ও সম্পাদক ওসমান গনি মনসুর। জাতীয় আলোকচিত্র ক্যাম্পের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক মাহফুজ আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পোর্ট্রেট সম্পাদক রুপন চক্রবর্তী।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আলোকচিত্র শিল্পের দিকপালরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে রয়টার্সের সাবেক আলোকচিত্র সাংবাদিক ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি এবিএম রফিকুর রহমান, এন টিভির পরিচালক ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক নুরুদ্দীন আহমেদ, এমএনএস ইন্সপেকশন কোম্পানীর চেয়ারম্যান লায়ন পিযূষ তালুকদার, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও বিএফইউজে’র সহ-সভাপতি একেএম মহসীন বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল আলম মঞ্জু, বাসব শীল এবং বুলবুল আহমেদ ও এন টিভি রাঙ্গামাটি প্রতিনিধি ফজলে এলাহি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রথমদিনের অধিবেশনে প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ স্থানীয় সাংবাবিদকদের মধ্যে সিনিয়র সাংবাদিক "সময় টিভির" কাপ্তাই প্রতিনিধি মাহফুজ আলম, সিনিয়র সাংবাদিক "দৈনিক সমকাল" এর কাপ্তাই প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম লাভলু এবং "৭১ টিভির" কাপ্তাই প্রতিনিধি রিপন মারমাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

দুইদিন ব্যাপী কর্মশালা ও নানামাত্রিক সেশন শেষে ১৮ জুলাই বিকেলে ফ্লোটিং প্যারাডাইসে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং। অনুষ্ঠানের সমন্বয়ক রিপন মারমা শুভেচ্ছা বক্তব্য প্রধান করেন। সমাপনী পর্বে অংশ গ্রহণকারী আলোকচিত্রীদের হাতে সার্টিফিকেট তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এছাড়া অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আয়োজনের শেষ দিনে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, যা উপস্থিত সকলকে মুগ্ধ করে। ঢাকা, রাজশাহী, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের আলোকচিত্র সাংবাদিকরা এই ক্যাম্পে অংশ নেয়। স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়নে কাপ্তাই থেকে সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, অর্নব মল্লিক ও মাসুম বাবুল এই আয়োজনে অংশ নেয়।

আয়োজক পোট্রের্ট সম্পাদক রুপন চক্রবর্তী বলেন, “কাপ্তাইয়ের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যকে আলোকচিত্রের ফ্রেমে তুলে আনা এবং নতুন প্রজন্মের আলোকচিত্রীদের মানোন্নয়নই ছিল আমাদের মূল উদ্দেশ্য। এমএনএস ইন্সপেকশন কোম্পানীর সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্প আলোকচিত্রীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।”

বক্তারা বলেন, আলোকচিত্র শিল্পের প্রসার ও দক্ষতা বৃদ্ধিতে এমন আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন। এই জাতীয় ক্যাম্প ভবিষ্যতে আলোকচিত্র সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।

(আরএম/এসপি/জুলাই ১৮, ২০২৬)

পাঠকের মতামত:

১০ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test