E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দর্শকদের টিকিটসহ মাঠে আসতে অনুরোধ রশিদ খানের

২০২১ নভেম্বর ০৩ ১৭:৪৪:৪০
দর্শকদের টিকিটসহ মাঠে আসতে অনুরোধ রশিদ খানের

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচে ২ জয় ও ১ পরাজয় নিয়ে গ্রুপ-১ এ দুই নম্বরে রয়েছে আফগানিস্তান। আবুধাবিতে আজ ভারতের বিপক্ষে ম্যাচটি তাই তাদের জন্য ‘রোড টু সেমিফাইনাল’। 

এই ম্যাচ ঘিরে রশিদ খানের আগ্রহ কোনো অংশে কম নয়। একই সঙ্গে পাক-আফগান ম্যাচের মতো অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি এড়াতে দর্শকদের অনুরোধ করেছেন আফগান লেগস্পিনার।

২৯ অক্টোবর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান-আফগানিস্তান ম্যাচে টিকিট ছাড়াই অনেক আফগান দর্শক খেলা দেখার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ডাকতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ফলে টিকিট থাকা সত্ত্বেও অনেকের মাঠে বসে খেলা দেখার সৌভাগ্য হয়নি।

তাই স্বদেশি সমর্থকদের উদ্দেশ্যে টুইটারে ভিডিও বার্তায় রশিদ খান বলেছেন, ‘আগে যা করেছেন, তা সত্যিই দুঃখজনক। এমন কাজ করলে দেশের মানসম্মান নিচে নেমে যাবে। তাই দেশের পতাকার মর্যাদা বাড়াতে এবার টিকিটসহ স্টেডিয়ামে এসে খেলা দেখুন। শান্তিপূর্ণভাবে খেলা উপভোগ করুন। আইসিসি, টি-টোয়েন্টি বিশ্বকাপ সংগঠন ও আবুধাবি ক্রিকেটকে সঠিকভাবে পরিচালনা করতে সহায়তা করুন।’

আইসিসি বিশ্বকাপে আফগান সমর্থকরা এর আগেও হুলস্থুল কর্মকাণ্ড বাধিয়েছিল। ২০১৯ বিশ্বকাপে হেডিংলিতে পাকিস্তান-আফগানিস্তান ম্যাচে দুই দেশের সমর্থকরা মারামারিতেও জড়িয়ে গিয়েছিল। যে কারণে দুই দেশের খেলোয়াড়দের পুলিশি পাহারায় মাঠ ছাড়তে হয়েছিল।

(ওএস/এসপি/নভেম্বর ০৩, ২০২১)

পাঠকের মতামত:

১৫ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test