E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নিলামের আগে রিশাদকে ছেড়ে দিল লাহোর

২০২৬ ফেব্রুয়ারি ০৪ ১২:১৯:২৩
নিলামের আগে রিশাদকে ছেড়ে দিল লাহোর

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন মৌসুমে বড় পরিবর্তন এসেছে দল গঠনের নিয়মে। ইতিহাসে প্রথমবারের মতো ঐতিহ্যবাহী ড্রাফট পদ্ধতি বাদ দিয়ে নিলামভিত্তিক মডেল চালু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নতুন এই নিয়ম অনুযায়ী নিলামের আগে প্রতিটি ফ্রাঞ্চাইজি সর্বোচ্চ চারজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে, যা আগের মৌসুমে ছিল আটজন পর্যন্ত।

নতুন নিয়ম কার্যকর হওয়ার পর একে একে নিজেদের রিটেইন খেলোয়াড়দের নাম ঘোষণা করতে শুরু করেছে দলগুলো।

পিএসএলের পঞ্চম আসরের চ্যাম্পিয়ন করাচি কিংস চার ক্রিকেটারকে ধরে রেখেছে। হাসান আলীকে প্লাটিনাম, আব্বাস আফ্রিদিকে ডায়মন্ড, খুশদিল শাহকে গোল্ড এবং সাদ বেগকে ইমার্জিং ক্যাটাগরিতে রিটেইন করেছে তারা। তবে শান মাসুদ, আমের জামাল ও শাহনেওয়াজ দাহানির মতো পরিচিত মুখদের ছেড়ে দিয়েছে করাচি।

এদিকে লাহোর কালান্দার্স ধরে রেখেছে শাহীন শাহ আফ্রিদি, সিকান্দার রাজা, আবদুল্লাহ শফিক এবং মোহাম্মদ নাইমকে।

গত মৌসুমে লাহোরের হয়ে খেলা বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে এবার আর রিটেইন করেনি ফ্রাঞ্চাইজিটি। আগের আসরে ৭ ম্যাচে ১৩ উইকেট নেওয়া রিশাদের পাশাপাশি ফখর জামান, হারিস রউফ, জামান খান ও সালমান মির্জার মতো তারকা ক্রিকেটারদেরও ছেড়ে দিয়েছে লাহোর।

কোয়েটা গ্লাডিয়েটর্স রিটেইন তালিকায় রেখেছে আবরার আহমেদ, উসমান তারিক, হাসান নাওয়াজ ও শ্যামল হোসেনকে। অন্যদিকে মোহাম্মদ আমির, রাইলি রুশো, মার্ক চ্যাপম্যান, খাওয়াজা নাফে এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের সঙ্গে আর পথ চলছে না দলটি।

এবারের পিএসএলে নতুন সংযোজন শিয়ালকোট স্ট্যালিয়ন্স। অভিষেক মৌসুমেই আলোচনার জন্ম দিয়েছে দলটি। নিলামের বাইরে সরাসরি চুক্তিতে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথকে দলে ভিড়িয়েছে তারা। এই প্রথমবারের মতো পিএসএলে খেলতে যাচ্ছেন স্মিথ।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৪, ২০২৬)








পাঠকের মতামত:

১৫ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test