E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বিশ্বকাপে খেলোয়াড় পাঠিয়ে লাভবান হবে ক্লাবগুলো

২০২৬ মে ১৪ ১৪:২৮:২৮
বিশ্বকাপে খেলোয়াড় পাঠিয়ে লাভবান হবে ক্লাবগুলো

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের উত্তাপ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে ফুটবল বিশ্বে। টুর্নামেন্টকে সামনে রেখে বিভিন্ন পরিকল্পনা ও আর্থিক কাঠামোও চূড়ান্ত করছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

চলতি সপ্তাহে ফিফা নিশ্চিত করেছে, বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়দের জন্য সংশ্লিষ্ট ক্লাবগুলোকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।

নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট চলাকালে প্রতিদিন একজন খেলোয়াড়ের জন্য তার ক্লাব পাবে ১১ হাজার মার্কিন ডলার (প্রায় ১২ লাখ ৮৭ হাজার টাকা)।

সেই হিসেবে একজন খেলোয়াড়ের জন্য ক্লাবগুলোর ন্যূনতম আয় হবে ১ লাখ ৫০ হাজার ডলার (প্রায় ১ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা)। এই নিয়মে সবচেয়ে বেশি লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে আর্জেন্টিনার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বোকা জুনিয়র্স ও রিভার প্লেটের।

আসন্ন বিশ্বকাপে বোকা জুনিয়র্স থেকে অন্তত তিনজন খেলোয়াড়ের অংশ নেওয়ার সম্ভাবনা জোরালো। তারা হলেন আর্জেন্টিনার লেয়ান্দ্রো পারেদেস এবং প্যারাগুয়ের অ্যাডাম বারেরো ও আনহেল রোমেরো।
এই তিনজনই যদি চূড়ান্ত স্কোয়াডে জায়গা পান, তবে বুয়েনস আইরেসের ক্লাবটির আয় হবে অন্তত ৪ লাখ ৫০ হাজার ডলার (প্রায় ৫ কোটি ২৬ লাখ ৫০ হাজার টাকা)।

তবে সম্ভাব্য আয়ের দিক থেকে আরও এগিয়ে আছে রিভার প্লেট। ক্লাবটির মার্কোস আকুনিয়া, গঞ্জালো মন্তিয়েল, মাতিয়াস ভিনা, কেভিন কাস্তানিও, হুয়ান ফার্নান্দো কিন্তেরো এবং কেনদ্রি পায়েজ নিজ নিজ জাতীয় দলের নিয়মিত সদস্য। তারা সবাই বিশ্বকাপের মূল দলে জায়গা পেলে রিভার প্লেটের ঘরে আসবে অন্তত ৯ লাখ ডলার (প্রায় ১০ কোটি ৫৩ লাখ টাকা)।

অবশ্য এই অঙ্ক আরও বাড়তে পারে। খেলোয়াড়দের জাতীয় দল টুর্নামেন্টে যত দূর এগোবে, ক্লাবগুলোর প্রাপ্ত অর্থও তত বৃদ্ধি পাবে। উদাহরণ হিসেবে, আর্জেন্টিনা যদি ফাইনালে ওঠে, তাহলে আলবিসেলেস্তেদের হয়ে খেলা প্রতিটি ফুটবলারের জন্য সংশ্লিষ্ট ক্লাব অতিরিক্ত ২ লাখ ৪২ হাজার ডলার (প্রায় ২ কোটি ৮৩ লাখ ১৪ হাজার টাকা) করে পাবে।

এরই মধ্যে লিওনেল স্কালোনির ৫৫ সদস্যের প্রাথমিক দলেও বোকা জুনিয়র্স ও রিভার প্লেটের বেশ কয়েকজন খেলোয়াড় জায়গা পেয়েছেন। যদিও তাদের অনেকেরই চূড়ান্ত স্কোয়াডে সুযোগ পাওয়ার সম্ভাবনা তুলনামূলক কম।

রিভার প্লেটের হয়ে প্রাথমিক তালিকায় আছেন সান্তিয়াগো বেলত্রান, হারমান পেসেলা, লুকাস মার্তিনেস কুয়ার্তা এবং আনিবাল মোরেনো। অন্যদিকে বোকা জুনিয়র্সের প্রতিনিধিত্ব করছেন লাওতারো দি লোলো, মিল্টন দেলগাদো এবং তমাস আরান্দা।

(ওএস/এএস/মে ১৪, ২০২৬)

পাঠকের মতামত:

০৯ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test