রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সোলায়মান গামা (৬৪) নামে এক বৃদ্ধের ৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৬ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ মাসের বর্ধিত কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত ওই বৃদ্ধ জামালপুর সদর উপজেলার ঘোষপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।

সোমবার (১ নভেম্বর) জামালপুরের সিনিয়র দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এই দণ্ড দেন।

মামলা সূত্র জানায়, সোলায়মান গামাকে ২০১৭ সালের ১৩ নভেম্বর সকালে জামালপুর সদর উপজেলার জামতলী বাজার এলাকা থেকে হেরোইনসহ আটক করে পুলিশ। তার কাছে দুটি পলিথিনে মোড়ানো ৫৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।

বিজ্ঞ আদালত ৮ জন সাক্ষীর মধ্যে ৬ জন সাক্ষীর জবানবন্দিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় সোলায়মান গামাকে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশাধনী/০৪) এর ১৯(১) টেবিল ১ (ক) ধারা মতে ৩ বছর সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ একমাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। এছাড়াও বিজ্ঞ আদালত একই আইনের ১৯(১) এর ৭(ক) ধারায় ১ বছর সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে একমাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

উভয় সাজা একত্রে চলবে এবং আসামির ইতোপূর্বেকার হাজতবাস ঘোষিত সাজার মেয়াদ থেকে বাদ যাবে বলে রায়ে উল্লেখ করা হয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন জেলা দায়রা জজ আদালতের পি.পি এডভোকেট নির্ম্মল কান্তি ভদ্র এবং আসামিপক্ষের ছিলেন এডভোকেট রফিকুল ইসলাম।

(আরআর/এএস/নভেম্বর ০১, ২০২১)