স্টাফ রিপোর্টার : রাজধানীর কারওয়ান বাজারে আন্তর্জাতিক মানের নতুন একটি অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

শুক্রবার (৫ নভেম্বর) যুক্তরাজ্যে অনুষ্ঠিত ‌‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২১: বিল্ডিং সাসটেইনেবল গ্রোথ পার্টনারশিপ’ এবং ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পোটেনশিয়াল ইন বাংলাদেশ' শীর্ষক সম্মেলনে এ কথা বলেন ডিএনসিসি মেয়র।

ডিএনসিসি মেয়র বলেন, জলবায়ুর অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হ‌ওয়া সত্ত্বেও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৃজনশীল নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ডিএনসিসি মেয়র যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিনিয়োগের সুযোগ-সুবিধাসহ বিস্তারিত আলোকপাত করেন এবং তাদের প্রতি ডিএনসিসি গ্রীন মিউনিসিপল বন্ডে বিনিয়োগের আহ্বান জানান।

এসময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/নভেম্বর ০৬, ২০২১)