‘আফগানিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড হারলে অনেক প্রশ্ন উঠবে’
স্পোর্টস ডেস্ক : ভারতকে ১০ উইকেটে হারিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করেছে পাকিস্তান। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে ভারতকে ফাইনালে চান দেশটির কিংবদন্তি পেসার শোয়েব আখতার।
তবে ফাইনাল দূরে থাক, সেমিফাইনাল ভাগ্যও এখন ভারতের নিজের হাতে নেই। তাদের এখন তীর্থের কাকের মতো তাকিয়ে থাকতে হবে রোববার আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের দিকে।
এই ম্যাচে নিউজিল্যান্ড জিতলে ভারতের আর কোনো সুযোগই থাকবে না। তবে আফগানিস্তান যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়, তাহলে নেট রান রেটের মারপ্যাঁচে সেরা চারে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের।
তাই এ ম্যাচটি নিয়ে অনেক আলোচনা-সমালোচনার আশঙ্কা করছেন শোয়েব। তার মতে, নিউজিল্যান্ড যদি আফগানদের কাছে হেরে যায়, তাহলে অনেক প্রশ্নের জন্ম নেবে সবার মনে।
আফগান-কিউই ম্যাচ সম্পর্কে শোয়েবের বক্তব্য, ‘ভারতের ভাগ্য এখন নিউজিল্যান্ডের হাতে। তবে আমার শঙ্কা নিউজিল্যান্ডের হেরে যাওয়ার কথা ভেবে। কিউইরা হারলে হরেক রকম প্রশ্ন উঠবে। সোশ্যাল মিডিয়ায় এটা হবে আরেক ট্রেন্ডিং টপিক।’
পাকিস্তানি স্পিডস্টার আরও যোগ করেছেন, ‘আফগানিস্তানের চেয়ে নিউজিল্যান্ড ভালো দল। সৃষ্টিকর্তা মাফ করুক, কিউইরা হারলে বিতর্কের শেষ থাকবে না। সোশ্যাল মিডিয়ায় কেউ নিউজিল্যান্ডকে ছেড়ে কথা বলবে না। পাকিস্তানিরা তো ধুয়েই দেবে।’
নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ ছাড়াও গ্রুপ-২’র আরও দুটো ম্যাচ বাকি রয়েছে। রোববার (৭ নভেম্বর) শারজায় পাকিস্তান খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। পরদিন দুবাইয়ে মুখোমুখি হবে ভারত-নামিবিয়া, যে ম্যাচটি সুপার টুয়েলভের শেষ ম্যাচ।
(ওএস/এসপি/নভেম্বর ০৬, ২০২১)
