স্পোর্টস ডেস্ক : স্বাভাবিকভাবেই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছিল ভারত। কিন্তু পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হেরে সেমিফাইনালেই উঠতে পারেনি বিরাট কোহলির দল। গ্রুপের তুলনামূলক দুর্বল তিন দল আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়ার বিপক্ষে জয় নিয়েই ফিরতে হয়েছে দেশে।

এমন হতাশাজনক পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই অনেক প্রশ্ন উঠেছে ভারতের খেলা নিয়ে, সমালোচনায় মুখর হয়েছেন সাবেক ক্রিকেটাররা। তাদেরই একজন ভারতের সাবেক উইকেটরক্ষক সাবা করিম। যার মতে, বিশ্ব ক্রিকেটে এখন অনেক পিছিয়ে রয়েছে ভারত।

সাবা মনে করেন, টি-টোয়েন্টি ক্রিকেট যতটা দ্রুত এগিয়েছে ততটা দ্রুততার সঙ্গে মানিয়ে নিতে পারেনি ভারতীয় দল। তাই এই ফরম্যাটের জন্য নির্দিষ্ট পরিকল্পনার পরামর্শ দিয়েছেন সাবা। পরবর্তী বিশ্বকাপের আগেই এটি করার দিকে বাড়তি তাগিদ দিয়েছেন তিনি।

খেলনীতি পডকাস্টে সাবা বলেছেন, ‘আমরা যদি বর্তমান সময়ের টি-টোয়েন্টি ক্রিকেট ও এর বিবর্তনটা দেখি, তাহলে ভারত অনেক পিছিয়ে রয়েছে। আমাদের যত দ্রুত সম্ভব প্রস্তুত হতে হবে এবং ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে খেলার নিজেদের ধরন ঠিক করতে হবে। যেমন ধরেন, আগে বা পরে ব্যাটিংয়ের সময় কীভাবে খেলবে তা ঠিক করা।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদেরকে ভিন্ন ভিন্ন দায়িত্বের জন্য ভিন্ন ভিন্ন খেলোয়াড় বাছাই করতে হবে। ২০২১ সালের বিশ্বকাপটি ভারতীয় দলের থিংক ট্যাংকের জন্য অনেক বড় শিক্ষার জায়গা ছিল। যাতে করে বিশ্বকাপের আগামী আসরগুলোর জন্য আরও ভালো প্রস্তুতি নিতে পারে।’

(ওএস/এএস/নভেম্বর ১৪, ২০২১)