চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারনা শুরু হতে না হতেই উত্তপ্ত হয়ে উঠছে নির্বাচনী মাঠ। আগামী ২৮ নভেম্বর ১১ টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।

উপজেলার গুনাইগাছা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর প্রচারনায় বাঁধাদানসহ প্রচার মাইক ও প্রচারকাজে ব্যবহৃত অটোভ্যান ভাঙচুর করার অভিযোগ উঠেছে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর বিরুদ্ধে।

থানার অভিযোগে জানা যায়, শনিবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে গুনাইগাছা ইউনিয়নে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী রজব আলী বাবলুর (আনারস প্রতীক) প্রচার মাইক নতুনপাড়া গ্রামে প্রচারে যায়। আনারস প্রতীকের প্রচার মাইক ওই গ্রামের জামে মসজিদের কাছে পৌঁছালে নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. নুরুল ইসলামের ছেলে টুটুল ইসলাম ও তার সহযোগি আবু বক্কারের ছেলে আবু সাঈদ প্রচারে বাঁধা দেন। এক পর্যায়ে প্রচার কাজে ব্যবহৃত অটোভ্যান ভাঙচুর করে মাইকের তার ছিঁড়ে পাশের পুকুরে ফেলা হয় বলে অভিযোগ।

এসময় প্রচারম্যান আরিফ হোসেনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনার পর শনিবার সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী মোঃ রজব আলী বাবলু প্রচারনায় বাঁধাদানসহ প্রচার মাইক ও প্রচারকাজে ব্যবহৃত অটোভ্যান ভাঙচুর করার অভিযোগ এনে চাটমোহর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

এ ব্যাপারে আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বলেন, তেমন কোন ঘটনা ঘটেনি। মসজিদের পাশ দিকে মাইকে প্রচার করায় মাইকের স্লুইচ বন্ধ করেছিলো। তখন আযান হচ্ছিল। ভাঙচুরের কোন ঘটনা ঘটেনি।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আনোয়ার হোসেন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এস/এসপি/নভেম্বর ১৪, ২০২১)