আশজাদ রসুল সিরাজী, গাজীপুর : জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা) গাজীপুর এর আয়োজনে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত  হয়েছে। মঙ্গলবার (১৬ অক্টোবর) Emerging Issues in Precision Agriculture (ইমার্জিং ইস্যুস ইন প্রিসিশন এগ্রিকালচার) বিষয়ক যুগোপযোগী এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. হাসান মোহাম্মদ আবদুল্লাহ।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের দায়িত্বে নিয়োজিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তার। জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা) ‘র মহাপরিচালক ড. এ কে এম নাজমুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে নতুন একটি বিষয়ে সুন্দর সেমিনার আয়োজন করায় নাটা কর্তৃপক্ষ ও উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, নাটাকে আমরা এপেক্স ট্রেইনিং একাডেমি হিসেবে গড়ে তুলতে চাই। নতুন নেতৃত্বে নাটার কার্যক্রম আরো বেগবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। কৃষিতে এগিয়ে যেতে হলে আমাদের প্রিসিশন এগ্রিকালচারে এগিয়ে যেতে হবে। সে লক্ষ্যে কাজ করার জন্য তিনি কৃষি সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

মূল প্রবন্ধ উপস্থাপক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. হাসান মোহাম্মদ আবদুল্লাহ Precision Agriculture এর ধারণা, কম্পোনেন্ট, সম্ভাব্য বাধাসমূহ, উত্তরণের উপায়সমূহ, চলমান কার্যক্রম এবং বিভিন্ন কেস স্টাডি আলোচনার মাধ্যমে এ বিষয়ে সম্যক ধারণা প্রদান করেন।

মূল প্রবন্ধের উপর আলোচনা করেন Frelance International Consultant ড. মঈন উস সালাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের Principal Investigator ড. মোঃ নাজিম উদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা) ‘র পরিচালক (প্রশিক্ষণ) মোঃ মাহমুদ হাসান।

সভাপতি হিসেবে জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা) ‘র মহাপরিচালক ড. এ কে এম নাজমুল হক সেমিনারটিকে অর্থবহ করে তোলার জন্য উপস্থিত সকলকে আন্তরিক অভিবাদন জানান এবং ভবিষৎতে নাটা’তে এ জাতীয় সেমিনার আয়োজনের জন্য কৃষি মন্ত্রণালয়ের অধীনস্ত প্রতিষ্ঠানসূহের প্রতি উদাত্ত আহবান জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করেন।

সেমিনারে কৃষি মন্ত্রণালয়ের অধীনস্ত প্রতিষ্ঠান ও কৃষি বিশ্ববিদ্যালয়সমূহের প্রতিনিধিগণ এবং নাটার অনুষদবর্গ অংশগ্রহণ করেন।

(এআরএস/এএস/নভেম্বর ১৭, ২০২১)