নেই ওয়ার্নার, পিটারসেনের বিশ্বকাপ একাদশে তিন নম্বরে বাবর
স্পোর্টস ডেস্ক : ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা খেলোয়াড় ডেভিড ওয়ার্নারকে নিজের বিশ্বকাপ একাদশে রাখেননি কেভিন পিটারসেন। বরং পিটারসেন তিনটি ভিন্ন পজিশনের জন্য বিবেচনা করেছেন তিন পাকিস্তানি ক্রিকেটারকে। বেটওয়েকে দেওয়া সাক্ষাৎকারে নিজের বিশ্বকাপ একাদশ সম্পর্কে জানালেন পিটারসেন।
এবারের বিশ্বকাপে ৩০৩ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক বাবর আজম। ধারাবাহিক ব্যাটিংয়ের জন্য বাবরকে তিন নম্বর পজিশনের জন্য বিবেচনা করেছেন পিটারসেন।
এই বিশ্বকাপে পাকিস্তানের আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ানকে ওপেনার স্লটে নিয়েছেন তিনি। ২৮৩ রান করে এই টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক রিজওয়ান।
পাকিস্তানি এ ব্যাটারকে ওপেনার হিসেবে নেওয়ার কারণ সম্পর্কে পিটারসেন বললেন, ‘সে (রিজওয়ান) পাকিস্তানের ওপরের সারির ব্যাটারদের মধ্যে ধারাবাহিক পারফর্ম করেছিল। তাছাড়া হাসপাতাল থেকে ফিরে সে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে ৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছে।’
ভারতের বিপক্ষে দুর্দান্ত স্পেল করায় পিটারসেন তার একাদশে বিবেচনা করেছেন শাহিন শাহ আফ্রিদিকেও।
তিন পাকিস্তানি ছাড়াও পিটারসেনের একাদশে দুজন স্বদেশি খেলোয়াড়, শ্রীলঙ্কার দু’জন খেলোয়াড় ও দুজন প্রোটিয়া খেলোয়াড় রয়েছেন। একজন করে নিয়েছেন বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও রানার্সআপ নিউজিল্যান্ড দল থেকে।
কেভিন পিটারসেনের ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ একাদশ
মোহাম্মদ রিজওয়ান, জস বাটলার, বাবর আজম, চারিথ আসালঙ্কা, এইডেন মারক্রাম, মইন আলি, ওয়ানিন্দু হাসারাঙ্গা, অ্যাডাম জাম্পা, ট্রেন্ট বোল্ট, এনরিখ নরকিয়া, শাহিন আফ্রিদি।
(ওএস/এসপি/নভেম্বর ১৯, ২০২১)
