চট্টগ্রাম প্রতিনিধি : বাস সিএনজি অটোরিকশা ও ডেমু ট্রেনের ত্রিমুখী সংঘর্ষ ঘটনা ঘটেছে নগরীর খুলশী থানার ঝাউতলা রেল ক্রসিংয়ে। এতে ঘটনাস্থলেই সিএমপির এক ট্রাফিক কনস্টেবলসহ তিনজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকে।

৪ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি সরোয়ার আলম।

তিনি বলেন, ‘ঝাউতলা রেল ক্রসিংয়ে একটি বাসের সঙ্গে দুটি সিএনজি ও ডেমু ট্রেনের ত্রিমুখী সংঘর্ষ হয়। এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও অনেকে আহত হয়েছে৷ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে।’

জানা যায়, নাজিরহাট থেকে যাত্রী নিয়ে চট্টগ্রাম রেল স্টেশন আসছিল ডেমু ট্রেন। তার আগে অরক্ষিত ঝাউতলা সিগন্যালে ৭ নম্বর একটি বাস সেখানে থাকা সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়৷

সেই ধাক্কায় আরেকটি সিএনজির সাথে লাগে৷ দুটি সিএনজিই রেল লাইনে উপড়ে পড়ে৷ এতে চট্টগ্রামুখী ডেমু ট্রেনটির সামনে পড়ে সিএনজি দুটি। সেখানে দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল মনির হোসেনসহ তিনজন নিহত হয় ঘটনাস্থলেই৷ এছাড়া আহত হয়েছে অনেকেই।

(জেজে/এএস/ডিসেম্বর ০৪, ২০২১)