অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, শ্রীমঙ্গলে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শহরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার, একই ফ্রিজে রান্না করা ও কাঁচা খাদ্যপণ্য সংগ্রহ করা, রান্নাঘরে অপরিচ্ছন্ন পরিবেশসহ নানা অভিযোগে একটি অভিজাত রেস্টুরেন্ট ও দুটি মিষ্টির দোকানকে অর্ধলক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (১১ ডিসেম্বর) দুপুরের দিকে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ সড়কে নিত্যপ্রয়োজনীয় পণ্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে ও নিরাপদ খাদ্য নিশ্চতকরণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র্যাব-৯ এর সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা,পোড়া তেল ব্যবহার ,রান্না ঘরে স্যাঁতস্যাঁতে থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে হবিগঞ্জ সড়কে অবস্থিত পাঁচ ভাই রেষ্টুরেন্টকে ১০ হাজার টাকা, গৌরাচাঁদ মিষ্টান্ন ভান্ডারকে ৩০ হাজার টাকা, বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত নিউ বাসুদেব মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকাসহ তিনটি প্রতিষ্টানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।
(একে/এসপি/ডিসেম্বর ১১, ২০২১)
