টাঙ্গাইলে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
টাঙ্গাইল প্রতিনিধি : বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে মির্জাপুর উপজেলার ধেরুয়া এলাকায় শনিবার (১১ ডিসেম্বর) রাত ১১ টার দিকে ট্রাকের চাপায় সজিব বিশ্বাস (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের আরও এক কিশোর আহত হন।
গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে তিন কিশোর মোটরসাইকেল নিয়ে বেড়াতে বের হন। বেড়ানোর এক পর্যায়ে তারা মহাসড়কের ধেরুয়া এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের তিজনকে আহত অবস্থায় উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সজিব বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।
গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক জানান, দুর্ঘটনায় সজিব নামে একজনের মৃত্যু হয়েছে। মোটরসাইকেলে থাকা অনিক নামে এক কিশোর আহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
(এসআইএম/এএস/ডিসেম্বর ১২, ২০২১)
