মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : ঘনিয়ে আসছে ইউপি নির্বাচনের দিনক্ষণ। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরাও। এমন সময়ে মৌলভীবাজার সদর উপজেলার ১১ নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চশমা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এম,এ রহিমকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছেন মৌলভীবাজার সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মো: মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে শহরের আদালত এলাকায় আচরণবিধি লঙ্ঘনের এঘটনা ঘটে। এঘটনায় তীর মার্কা বোতলজাত তেলসহ খাদ্য সামগ্রী জব্দ করা হয়।

জানা যায়, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এম,এ রহিম তাঁর নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহৃত পিকআপ গাড়িতে করে তেলসহ খাদ্য সামগ্রী বিতরণ করছিলেন। এমন অভিযোগে শহরের আদালত এলাকায় গিয়ে বিষয়টি নজরে আসলে ভ্রাম্যমান আদালত ওই প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেন।

বিষয়টি নিশ্চিত করেন, মৌলভীবাজার সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মো: মোস্তাফিজুর রহমান। তিনি জানান, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এম,এ রহিম নির্বাচনী প্রচারণার গাড়িতে করে খাদ্য সামগ্রী বিতরণ করায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ও খাদ্য সামগ্রী জব্দ করা হয়েছে।

(একে/এএস/ডিসেম্বর ১২, ২০২১)