মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ক্যারেম খেলা নিয়ে ঝগড়াঝাটির ঘটনায় আলোচিত ছাব্বির হত্যা মামলার পলাতক দুই আসামি জুয়েল মিয়া ও আব্দুর রহিম ওরফে কুটিমকে গ্রেফতার করেছে কুলাউড়া থানা পুলিশের একটি চৌকস দল। গ্রেফতারকৃত জুয়েল ও আব্দুর রহিম কুলাউড়া উপজেলার পাবই (গাজী টিলা) গ্রামের দুলাল মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ । 

সোমবার ( ১৩ ডিসেম্বর) ভোরে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায়ের নেতৃত্বে পুলিশের চৌকস একটি দল তথ্য প্রযুক্তির সাহায্যে সিলেট জেলার গোয়াইনঘাট থানার জাফলংয়ের গুচ্ছগ্রাম থেকে অভিযান চালিয়ে আলোচিত ওই মামলার দুই আসামী জুয়েল মিয়া ও আব্দুর রহিম ওরফে কুটিমকে গ্রেফতার করতে সক্ষম হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, ছাব্বির হত্যার ঘটনায় দায়ের করা মামলায় পাঁচ আসামির মধ্যে এপর্যন্ত চারজনকে আটক করা হয়েছে, তবে পাঁচ আসামির মধ্যে একজন এখনো পলাতক রয়েছে।

কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) আমিনুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত দুই আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেন পুলিশের এই কর্মকর্তা।

উল্লেখ্য, চলতি বছরের গত ২ নভেম্বর কুলাউড়া উপজেলার ১০ নং হাজীপুর ইউনিয়নের পাবই (গাজী টিলা) গ্রামে ক্যারাম খেলাকে কেন্দ্র করে ঝগড়াঝাঁটির এক পর্যায়ে প্রতিপক্ষ ফয়সাল মিয়া ও আরো কয়েকজন মিলে ছাব্বির আলী (১৭) কে মারপিট করে গুরুতর জখম করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছাব্বির আলী মারা যান। এ ঘটনায় ছাব্বির আলীর পিতা রশিদ মিয়া বাদি হয়ে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

(একে/এসপি/ডিসেম্বর ১৩, ২০২১)