পর্দা নামলো এমসিডিসি টি-২০ বর্ণাঢ্য আসরের
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারে বিজয়ের মাসে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পর্দা নামলো জেলার সবচেয়ে বড় টি-২০ ক্রিকেট এমসিডিসি আসরের।
বুধবার (১৫ ডিসেম্বর) বিকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মুহিবুস সামাদ স্মৃতি এমসিডিসি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর মাসব্যাপী সমাপনী আসরের ফাইনাল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে ১২ নং গিয়াসনগর ইউনিয়নকে ৩ উইকেটে পরাজিত করে প্রথম চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে ৭ নং চাঁদনীঘাট ইউনিয়ন আর
তৃতীয় স্থান অর্জন করে ২নং মনুরমুখ ইউনিয়ন।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি।
মুহিবুস সামাদ স্মৃতি এমসিডিসি এর সভাপতি সাখাওয়াত হোসেন লিটন এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাহুর রহমান,আল বুসাইরি পারফিউম এর পরিচালক আসাদ সামাদ ও পৌর কাউন্সিলর সৈয়দ সেলিম হক।
পুরস্কার বিতরণীর আগে ম্যাচের শুরুতে টস জিতে ১২ নং গিয়াসনগর ইউনিয়ন প্রথমবারের মতো ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে নূরউদ্দিনের ৪৫ ও ফাহিমের ২৫ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রানের বড় পুঁজি দাঁড় করায়। ৭ নং চাঁদনীঘাট এর হয়ে মামুন ১৬ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন।
অপর দিকে ১৫৭ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন লতিফের ৬৯ ও আল আমিনের ৪৪ রানের উপর ভর করে লক্ষ্যে পৌঁছে যায়। ১২নং গিয়াসনগরের হয়ে মাহিন ও রুমেল ২ টি করে উইকেট পান।
ফাইনালে অপরাজিত ৬৯ রান করে ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন ৭ নং চাঁদনীঘাটের লতিফ।
এছাড়া পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করে ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন ২নং মনুরমুখ ইউনিয়নের জগলু নোমান। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান গিয়াসনগরের মাহফুজ ইমন,সেরা বোলার চাঁদনীঘাটের মামুন,সেরা ফিল্ডার মনুরমুখের ইমন ও উদিয়মান ক্রিকেটার হিসেবে নির্বাচিত হন মনুরমুখের মাহবুব।
উল্লেখ্য. গত মাসের ১৩ নভেম্বর জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। টুর্নামেন্টে জেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে সর্বমোট ২৪ টি দল নেয়।
(একে/এএস/ডিসেম্বর ১৫, ২০২১)
